
চলমান ফুটবল বিশ্বকাপের ব্যস্ততার মধ্যেই অস্ট্রেলিয়া জাতীয় দলের ফরোয়ার্ড টেটে ইয়ঙ্গির ইসলাম গ্রহণের খবর ক্রীড়াঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ২৫ বছর বয়সী এই ফুটবলার নিজ শহর এডিলেইডের একটি মসজিদে জুমার নামাজের পর আনুষ্ঠানিকভাবে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করেন।
বিশ্বকাপের চূড়ান্ত দলে জায়গা পাওয়ার আগে অনুষ্ঠিত ওই আয়োজনে উপস্থিত ছিলেন ইসলামিক স্কলার মুফতি মেঙ্ক। তার উপস্থিতিতেই টেটে ইয়ঙ্গি কালিমা শাহাদাত পাঠ করে ইসলামে দীক্ষিত হন।
পরে একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইয়ঙ্গি জানান, ইসলাম গ্রহণের সিদ্ধান্ত হঠাৎ করে নেননি। দীর্ঘদিন ধরেই তিনি ইসলাম সম্পর্কে জানার ও বোঝার চেষ্টা করছিলেন। মুফতি মেঙ্কের সঙ্গে সাক্ষাতের সময় তিনি জানতে চান, ইয়ঙ্গি শাহাদাহ পাঠ করেছেন কি না। সেই প্রশ্ন থেকেই তিনি ইসলাম গ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত নেন এবং জীবনের নতুন অধ্যায় শুরু করেন।
বর্তমানে অস্ট্রেলিয়া জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে খেলছেন ইয়ঙ্গি। প্রায় দুই মিটার উচ্চতার এই স্ট্রাইকার বিশ্বকাপের আগে সুইজারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অভিষেকেই গোল করে দলের জন্য ড্র নিশ্চিত করেন। সেই পারফরম্যান্সের ধারাবাহিকতায় বিশ্বকাপের মূল পর্বেও কোচের আস্থা অর্জন করেন তিনি।
গ্রুপ পর্বে তুরস্কের বিপক্ষে ২৪ মিনিট এবং প্যারাগুয়ের বিপক্ষে ৭ মিনিট মাঠে নেমে আক্রমণভাগে ভূমিকা রাখেন জাপানের ক্লাব মাচিদা জেলভিয়ার এই ফরোয়ার্ড।
ইসলাম গ্রহণের পর নিজের অনুভূতি জানিয়ে টেটে ইয়ঙ্গি বলেন, ‘আমি নতুন ধর্মীয় পরিচয় নিয়ে গর্বিত। মাঠে ও মাঠের বাইরে আমার আচরণ, সততা ও মানবিকতার মাধ্যমে বিশ্ববাসীর সামনে ইসলামের সৌন্দর্য ও প্রকৃত শিক্ষা তুলে ধরতে চাই।’