
বিশ্বকাপে এখনো অপরাজিত থাকলেও মাঠের বাইরের এক পরিসংখ্যানে পিছিয়ে পড়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সর্বশেষ ম্যাচভিত্তিক ফিফা লাইভ র্যাংকিংয়ের হিসাবে স্পেনকে জায়গা ছেড়ে দিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে আলবিসেলেস্তেরা। বিশ্বকাপ শুরুর আগে শীর্ষে থাকা দলটি এখন ফ্রান্স ও স্পেনের পেছনে অবস্থান করছে।
হালনাগাদ লাইভ র্যাংকিং অনুযায়ী, ১ হাজার ৯৪৮ দশমিক ৯৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ফ্রান্স। ১ হাজার ৯৩৪ দশমিক ৭৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে স্পেন। আর ১ হাজার ৯২৫ দশমিক ১৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে নেমে গেছে আর্জেন্টিনা।
তালিকার চতুর্থ স্থানে রয়েছে ইংল্যান্ড, যাদের পয়েন্ট ১ হাজার ৮৭১ দশমিক ৩৮। অন্যদিকে, চলমান বিশ্বকাপ থেকে বিদায় নিলেও রেটিং পয়েন্ট বৃদ্ধির সুবাদে এক ধাপ এগিয়েছে ব্রাজিল। ১ হাজার ৮০৪ দশমিক ৯৩ পয়েন্ট নিয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা এখন পঞ্চম স্থানে রয়েছে।
তবে এই তালিকা ফিফার আনুষ্ঠানিক র্যাংকিং নয়। প্রতিটি ম্যাচের ফলাফলের ভিত্তিতে ফিফার নির্ধারিত পয়েন্ট গণনার সূত্র ব্যবহার করে তাৎক্ষণিকভাবে এই লাইভ অবস্থান নির্ধারণ করা হয়।
ফিফা সর্বশেষ আনুষ্ঠানিক বিশ্ব র্যাংকিং প্রকাশ করেছে গত ১১ জুন। পরবর্তী র্যাংকিং প্রকাশের দিন নির্ধারণ করা হয়েছে আগামী ২০ জুলাই। ফলে বিশ্বকাপের বাকি ম্যাচগুলোর ফলাফলের ওপর নির্ভর করে বর্তমান অবস্থানে আরও পরিবর্তন আসতে পারে।
এদিকে র্যাংকিংয়ে পিছিয়ে পড়লেও আর্জেন্টিনার সমর্থকদের জন্য রয়েছে একটি ব্যতিক্রমী পরিসংখ্যান। ১৯৯২ সালে ফিফা বিশ্ব র্যাংকিং চালু হওয়ার পর থেকে বিশ্বকাপ শুরুর সময় এক নম্বরে থাকা কোনো দলই শেষ পর্যন্ত শিরোপা জিততে পারেনি।
২০২৬ বিশ্বকাপের আগে হন্ডুরাস ও আইসল্যান্ডকে হারিয়ে র্যাংকিংয়ের শীর্ষে উঠেছিল আর্জেন্টিনা। এবার সেই দীর্ঘদিনের অপয়া পরিসংখ্যান ভেঙে বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে লড়ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। যদিও র্যাংকিংয়ের অবস্থান এবং শিরোপা জয়ের মধ্যে সরাসরি কোনো সম্পর্ক নেই। বিশ্বকাপের বাকি পথই নির্ধারণ করবে আর্জেন্টিনা ইতিহাস বদলাতে পারে কি না।