
২০২৬ বিশ্বকাপের পর্দা নামতেই ফুটবলপ্রেমীদের দৃষ্টি ঘুরে গেছে পরবর্তী আসরের দিকে। শতবর্ষ উদযাপনের বিশেষ আয়োজন নিয়ে ২০৩০ সালে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা বিশ্বকাপের স্বাগতিক দেশ, ম্যাচের ভেন্যু ও সূচি নিয়ে ইতোমধ্যে পরিষ্কার হয়েছে গুরুত্বপূর্ণ তথ্য।
ফিফার সূচি অনুযায়ী, ২৪তম বিশ্বকাপ শুরু হবে ২০৩০ সালের ৮ জুন। একই সঙ্গে এটি হবে বিশ্বকাপের শতবর্ষের আসর। ১৯৩০ সালে উরুগুয়েতে ১৩ দল নিয়ে প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল, যেখানে স্বাগতিকরাই শিরোপা জিতেছিল।
শতবর্ষ উপলক্ষে এবারের আয়োজনেও থাকছে বিশেষ পরিকল্পনা। মূল আয়োজক হিসেবে দায়িত্ব পালন করবে স্পেন, পর্তুগাল ও মরক্কো। তবে বিশ্বকাপের ঐতিহাসিক সূচনাকে স্মরণীয় করে রাখতে দক্ষিণ আমেরিকার তিন দেশ উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতেও তিনটি ম্যাচ আয়োজন করা হবে।
উরুগুয়ের রাজধানী মন্টেভিডিওর ঐতিহাসিক এস্তাদিও সেন্তেনারিও স্টেডিয়ামে হবে একটি ম্যাচ। ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপের ফাইনালও অনুষ্ঠিত হয়েছিল এই মাঠে। এছাড়া আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সের এস্তাদিও মনুমেন্তাল এবং প্যারাগুয়ের আসুনসিয়নের এস্তাদিও ওসভাল্দো দমিঙ্গেজ দিবেও একটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।
স্পেনে মাদ্রিদ, বার্সেলোনা, সেভিয়া, বিলবাও, সান সেবাস্তিয়ান, জারাগোজা, লাস পালমাস, ভ্যালেন্সিয়া ও ভিগো শহরে ম্যাচ হবে। পর্তুগালের লিসবন ও পোর্তো এবং মরক্কোর কাসাব্লাঙ্কা, রাবাত, মারাকেশ, আগাদির, ফেজ ও তাঙ্গিয়েরও থাকছে ভেন্যুর তালিকায়।
আয়োজক হওয়ায় স্পেন, পর্তুগাল, মরক্কো, উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে সরাসরি বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পাবে।
সূচি অনুযায়ী, উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে ৮ ও ৯ জুন নিজেদের প্রথম ম্যাচ খেলবে। এরপর ১৩ ও ১৪ জুন অনুষ্ঠিত হবে ফিফার আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান এবং পূর্ণাঙ্গ সূচির বাকি ম্যাচগুলো শুরু হবে। ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ জুন। তবে শিরোপা নির্ধারণী ম্যাচের ভেন্যু এখনো ঘোষণা করেনি ফিফা।
এদিকে ২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে সৌদি আরব। ২০২৪ সালের ডিসেম্বরে দেশটির আয়োজনের অনুমোদন দেয় ফিফা। ২০২৬ আসরের মতো ২০৩০ ও ২০৩৪ বিশ্বকাপেও অংশ নেবে ৪৮টি দল। তবে ২০৩৪ বিশ্বকাপের পূর্ণাঙ্গ ভেন্যু ও সূচি এখনো চূড়ান্ত হয়নি।