
বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর দেশজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে। শিরোপা হাতছাড়া হওয়ার পর রাজধানী বুয়েনস আইরেসে হৃদরোগে আক্রান্ত হয়ে দুই বয়োজ্যেষ্ঠ সমর্থকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও একজন বৃদ্ধ গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।
স্থানীয় সময় রোববার (১৯ জুলাই) আর্জেন্টিনার জরুরি চিকিৎসা সেবা সংস্থা সামে ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে মনসেরাত এলাকার সারান্দি ও অ্যাডলফো আলসিনা সড়কের মধ্যবর্তী একটি বাসা থেকে জরুরি সহায়তা চাওয়া হয়। সেখানে ৬৭ বছর বয়সী এক ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হন। ঘটনাস্থলে চিকিৎসকেরা সিপিআর দিলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
এর আগে বিকেল ৫টা ৩৯ মিনিটে ৮৮ বছর বয়সী আরেক সমর্থক শ্বাসকষ্টে আক্রান্ত হলে তার মেয়ে জরুরি সেবায় যোগাযোগ করেন। প্রাথমিক চিকিৎসার পর তাকে ডুরান্ড হাসপাতালে নেওয়া হয়। প্রায় পাঁচ ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর সেখানেই তার মৃত্যু হয়।
এদিকে বুয়েনস আইরেসের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭২ বছর বয়সী আরও এক ব্যক্তি বর্তমানে আলভারেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২২ মিনিটে হঠাৎ তার বুকে তীব্র ব্যথা ও শ্বাসকষ্ট শুরু হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ফাইনালের পর রাজধানীর ওবেলিস্ক চত্বরে জড়ো হওয়া সমর্থকদের মধ্যে বিশৃঙ্খলা ও হতাশা থেকে কয়েকটি অপ্রীতিকর ঘটনাও ঘটে। এ সময় ৪৭ বছর বয়সী এক ব্যক্তি প্রায় ১৩ ফুট উঁচু থেকে পড়ে গিয়ে বাঁ পায়ের হাড় ভেঙে গুরুতর আহত হন।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, পরাজয়ের হতাশায় অনেক সমর্থক অতিরিক্ত মদ্যপান করে অসুস্থ হয়ে পড়েন। এছাড়া নিজেদের মধ্যে সংঘর্ষ, পড়ে গিয়ে আহত হওয়া এবং নাক-মুখে আঘাত পাওয়ার মতো একাধিক ঘটনারও তথ্য পাওয়া গেছে।
বিশ্বকাপ ফাইনালের পর এমন মর্মান্তিক পরিস্থিতিতে রাজধানীজুড়ে শোকের আবহ বিরাজ করছে। চিকিৎসা কর্তৃপক্ষ সমর্থকদের ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছে।