
ভারতের শীর্ষ ফুটবল লিগ ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) থেকে সরে দাঁড়ানোর আনুষ্ঠানিক ঘোষণার দুই সপ্তাহের মাথায় মাত্র এক ডলারের বিনিময়ে জামশেদপুর এফসির মালিকানা গোয়ার চার্চিল ব্রাদার্সের কাছে হস্তান্তর করেছে টাটা স্টিল। খেলোয়াড় ও কোচদের ভবিষ্যৎ এবং পেশাদার ক্যারিয়ার সচল রাখতেই এই প্রতীকী মূল্যে চুক্তিটি করা হয়েছে।
টাটা স্টিলের মালিকানাধীন জামশেদপুর এফসিতে থাকা ১২ জন ফুটবলার ও দুই কোচের চুক্তি বহাল রেখেই ক্লাবটি ১০০ ভারতীয় রুপি, যা প্রায় ১ দশমিক ০৫ মার্কিন ডলারের সমান, প্রতীকী মূল্যে গোয়ার ফুটবল ক্লাব চার্চিল ব্রাদার্সের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই চুক্তির ফলে জামশেদপুর তাদের একমাত্র শীর্ষ সারির দলটি হারালেও খেলোয়াড় ও কোচদের পেশাদার ক্যারিয়ার চালিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। দুইবারের জাতীয় লিগ বিজয়ী গোয়ার ঐতিহ্যবাহী ক্লাব চার্চিল ব্রাদার্স এখন জামশেদপুর এফসির স্পোর্টিং লাইসেন্স গ্রহণ করে সরাসরি শীর্ষ লিগ আইএসএলে খেলার সুযোগ পাচ্ছে।
টাটা স্টিলের কর্পোরেট সার্ভিসেসের ভাইস প্রেসিডেন্ট ডি. বি. সুন্দর রামাম বলেন, ‘আমরা আনন্দিত যে এই চুক্তিটি আমাদের খেলোয়াড় ও কোচদের ক্লাব ফুটবল খেলা চালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে।’
২০১৩-১৪ মৌসুমের পর প্রথমবার ভারতের শীর্ষ ফুটবলে ফিরছে গোয়ার ক্লাবটি। এক বিবৃতিতে তারা জানায়, ‘আমরা যেখানে থাকার যোগ্য, সেখানেই ফিরে এসেছি। কেউ যখন পতন দেখেছে, আমরা সেখানে সুযোগ দেখেছি। কেউ যখন শেষ দেখেছে, আমরা সেখানে এক নতুন সূচনা দেখেছি।’