
ক্যারিয়ারের ৯২৩তম গোলের দেখা পেয়েছেন লিওনেল মেসি। কিন্তু আর্জেন্টাইন তারকার গোলও ইন্টার মায়ামিকে হার থেকে বাঁচাতে পারেনি। ঘরের মাঠে রোববার সকালে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে টরন্টো এফসির কাছে ২-১ গোলে হেরেছে মায়ামি। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচে জয়হীন থাকল দলটি।
ম্যাচজুড়ে বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে এগিয়ে ছিল মায়ামি। প্রায় ৬০ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখেও তারা গোল পেয়েছে মাত্র একটি। বিপরীতে মাত্র চারটি শট নিয়ে দুইবার জালে বল পাঠিয়েছে টরন্টো।
শুরু থেকেই আক্রমণাত্মক ছিল মায়ামি। ম্যাচের ১১ ও ১৯ মিনিটে রদ্রিগো ডি পলের পাস থেকে সুযোগ পান লুইস সুয়ারেজ। তবে প্রথমার্ধে পাওয়া সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন এই তারকা স্ট্রাইকার।
বিরতির আগে মেসির কাছ থেকেও বেশ কয়েকটি বল পেয়েছিলেন আরেক ফরোয়ার্ড জার্মান বার্তেরামি। কিন্তু গোলের সামনে কার্যকর ফিনিশিং করতে পারেননি তিনিও।
দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে সম্ভাব্য চোটের কারণে মাঠ ছাড়েন মায়ামির লেফট-ব্যাক সার্জিও রেগুইলন। তার মাঠ ছাড়ার পরপরই যেন ম্যাচের চিত্র বদলে যায়।
এক মিনিট পরই এগিয়ে যায় টরন্টো। নিজেদের মধ্যে কয়েক দফা দারুণ পাসের পর ডি-বক্সের বাইরে থেকে বাম পায়ের নিখুঁত শটে মায়ামির জালে বল পাঠান জশ সার্জেন্ট।
এর মাত্র তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে টরন্টো। আক্রমণ থেকে ফিরে আসা বল গোলের কাছাকাছি পেয়ে যান ডেরেক এতিয়েন। ঠাণ্ডা মাথায় ফিনিশ করে ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড স্কোরলাইন ২-০ করেন।
৮১ মিনিটে আরও বড় বিপদ থেকে বাঁচে মায়ামি। জর্জি মিহালোভিচের শট গোললাইন থেকে ফিরিয়ে দেন ইয়ান ফ্রে।
এর পরের মিনিটেই অবশ্য ম্যাচে ফেরার আশা জাগান মেসি। রদ্রিগো ডি পলের ডিফেন্সচেরা পাস ধরে ডি-বক্সে ঢুকে প্রথম ছোঁয়াতেই বল জালে পাঠান তিনি। চলতি মৌসুমে এটি মেসির ১৪তম গোল এবং পেশাদার ক্যারিয়ারে ৯২৩তম।
শেষদিকে আর গোল না হওয়ায় মেসির এই গোল কেবল ব্যবধানই কমিয়েছে। ২-১ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে মায়ামিকে।
এই পরাজয়ে শিরোপার লড়াইয়েও আরও পিছিয়ে পড়েছে মায়ামি। এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ২১ ম্যাচে ১১ জয় ও ৬ ড্রয়ে তাদের পয়েন্ট ৩৯। সমানসংখ্যক ম্যাচে ১০ পয়েন্ট বেশি নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ন্যাশভিল।