
দেশের ক্রীড়াঙ্গনে এখন সবচেয়ে বেশি আলোচনা চলছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ফুটবল দলের সম্ভাব্য বাংলাদেশ সফর নিয়ে। ব্রাজিলের একটি প্রতিনিধি দল ইতোমধ্যে রাজধানীসহ দেশের দুটি ভেন্যু পরিদর্শন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) কিছু পর্যবেক্ষণ জানিয়েছে। তবে ব্রাজিলের সফর আয়োজনের জন্য সরকার কোনো অর্থ ব্যয় করতে আগ্রহী নয় বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকায় বক্সিং ফেডারেশন আয়োজিত কোচেস ট্রেনিংয়ের সমাপনী অনুষ্ঠান শেষে এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
ভারতে ব্রাজিলের ম্যাচ আয়োজনকে ঘিরে বড় অঙ্কের ব্যয় ও অভ্যন্তরীণ সমালোচনা এবং দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতার প্রসঙ্গ তুলে ধরে সরকারের অবস্থান স্পষ্ট করেন আমিনুল হক। তিনি বলেন, ‘এক কথায় উত্তর দিলে এই মুহূর্তে আমরা সরকারে পক্ষ থেকে...এ ধরনের অর্থ ব্যয় করে...যেহেতু আপনারা জানেন...বিদ্যুৎ-জ্বালানি বিভিন্ন সেক্টর নিয়ে আমাদের অনেক বেশি ব্যয় বহন করতে হচ্ছে, সে ক্ষেত্রে একটি ম্যাচকে উপলক্ষ করে সরকারের পক্ষ থেকে এ ধরনের ব্যয় করার মতো মানসিকতা আমাদের ভেতরে নেই।’
তবে বাফুফের সঙ্গে ব্রাজিলের প্রতিনিধি দলের আলোচনা হয়েছে উল্লেখ করে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন স্পনসর এনে যদি বাফুফে পুরো আয়োজনটি বাস্তবায়ন করতে পারে, তাহলে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।
ব্রাজিলের সম্ভাব্য সফর নিয়ে ইতিবাচক বার্তা এবং সরকারের কাছে বাফুফের সহযোগিতা প্রত্যাশার বিষয়ে তিনি বলেন, ‘বিষয়টা (ব্রাজিলের ঢাকা আসার সম্ভাবনা) একদম প্রাথমিক পর্যায়ে আছে। বাফুফের সভাপতির সঙ্গে আমার কথা হয়েছে। আমরা প্রাথমিক আলোচনাই করেছি।’
তবে ব্রাজিলের সফরের ব্যয়ভার বহনসহ আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে এখনো বিস্তারিত বা খোলামেলা কোনো আলোচনা হয়নি বলেও জানান ক্রীড়া প্রতিমন্ত্রী।