
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক পোস্টের মাধ্যমে জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত জানান তিনি। মেসির বিদায়ের খবরে আর্জেন্টিনার ফুটবল অঙ্গনে নেমে এসেছে আবেগের ঢেউ। জাতীয় দলের সাবেক সতীর্থ রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, নিকোলাস তাগলিয়াফিকো, এমিলিয়ানো মার্টিনেজ ও ক্রিস্টিয়ান রোমেরোসহ অনেকেই প্রিয় অধিনায়ককে বিদায়ী বার্তা দিয়েছেন।
আর্জেন্টিনা জাতীয় দল ও ইন্টার মায়ামিতে মেসির ঘনিষ্ঠ বন্ধু রদ্রিগো ডি পল ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ‘(ধন্যবাদ) আমাদের দেশের প্রতি তোমার নিঃশর্ত ভালোবাসার জন্য, হাল না ছাড়ার যে মানসিক লড়াই তার জন্য, অন্যায়ের সামনে দাঁড়িয়ে তোমার অদম্য শক্তির জন্য, ক্যাম্পে আসা প্রত্যেক খেলোয়াড়ের প্রতি তোমার নেতৃত্ব ও মানবিকতার জন্য যাতে তারা স্বাচ্ছন্দ্যবোধ করে এবং জাতীয় দলের সবার প্রতি তোমার সদয় আচরণের জন্য।’
বার্তার শেষে ডি পল লেখেন, ‘সর্বকালের সেরা খেলোয়াড়, তোমাকে ধন্যবাদ। আমাদের এত খুশি করার জন্য ধন্যবাদ। তুমি কল্পনাও করতে পারবে না কত হাসি তুমি ফুটিয়েছ। আমাদের স্মৃতিতে আজীবন তুমি অবিনশ্বর হয়ে থাকবে।’
মেসির জাতীয় দলের সতীর্থ লিয়ান্দ্রো পারেদেসও আবেগঘন বার্তা দিয়েছেন। ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘এটা একটা খবর ছিল, কিন্তু স্পষ্টতই পরিস্থিতি তেমন ছিল না। একজন আর্জেন্টাইন, একজন জাতীয় দলের ভক্ত, একজন সতীর্থ ও একজন বন্ধু হিসেবে তুমি আমাকে যা দিয়েছ, তার জন্য ধন্যবাদ।’
এরপর পারেদেস আরও বলেন, ‘যখন তোমাকে নিয়ে কথা বলতে হয়, তোমার কীর্তি এবং একজন খেলোয়াড় ও একজন মানুষ হিসেবে তোমার মহানুভবতা নিয়ে বলতে হয়, তখন ভাষা ফুরিয়ে যায়। আমি খুব সৌভাগ্যবান যে তোমার জাতীয় দলে, আমাদের জাতীয় দলের সঙ্গে এই চমৎকার পথচলায় তোমার পাশে খেলতে পেরেছি।’
বিদায়ী বার্তায় তিনি আরও লেখেন, ‘আমি তোমাকে ভালোবাসি। সংক্ষেপে, আমি সবসময় তোমার সুখ কামনা করি। যে অবিস্মরণীয় মুহূর্ত তুমি আমাদের সবাইকে উপহার দিয়েছ, সেজন্য আমাদের দেশ সবসময় তোমার প্রতি চিরকৃতজ্ঞ থাকবে।’
মেসির সঙ্গে আলিঙ্গনরত একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে নিকোলাস তাগলিয়াফিকো লিখেছেন, ‘সারাজীবনের জন্য ধন্যবাদ।’
বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজও বিদায় জানিয়েছেন মেসিকে। তিনি লেখেন, ‘আমাদের জন্য ও সব আর্জেন্টাইনের জন্য তুমি যা করেছি, তা ভাষায় প্রকাশ করা যাবে না। কিন্তু আমাকে বিশ্ব চ্যাম্পিয়ন করানোর জন্য এবং এমন এক উচ্চতায় পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ, যেটা আমি কল্পনাও করিনি কোনোদিন। আমার শ্রদ্ধা চিরকাল থাকবে, ধন্যবাদ।’
এর আগে সোমবার ইনস্টাগ্রামে দেওয়া অবসরের ঘোষণায় মেসি লিখেছেন, ‘ফাইনালে খেলার পর এতগুলো দিন কেটে যাওয়ার পর এবং দীর্ঘ চিন্তাভাবনার পর, আমি সবাইকে জানাতে চাই যে আমি জাতীয় দল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
নিজের সিদ্ধান্তের কঠিন দিক তুলে ধরে তিনি আরও যোগ করেন, ‘এটি অত্যন্ত কষ্টদায়ক একটি সিদ্ধান্ত ছিল এবং এখনও আমার হৃদয়ের গভীরে আঘাত করছে, তবে আমি অনুধাবন করতে পারছি যে উপযুক্ত সময় এসে গেছে। আমি আপনাদের কসম খেয়ে বলছি, আমি সবসময় আমার সর্বস্ব দিয়ে খেলেছি। কেবল সাম্প্রতিক বছরগুলোতে নয় যখন আমরা সবকিছু জিতেছি, বরং তার আগের দিনগুলোতেও। আমি সবসময় লড়াই করেছি এবং এই জার্সিটার জন্য আমার সবটুকু উজার করে দিয়েছি, যাতে ফুটবলের মাধ্যমে আপনাদের মুখে হাসি ফোটাতে পারি এবং একজন আর্জেন্টাইন হিসেবে গর্বিত অনুভব করাতে পারি।’
আরেক বিশ্বকাপজয়ী সতীর্থ ক্রিস্টিয়ান রোমেরো লিখেছেন, ‘আমি তোমাকে ভালোবাসি, তোমার প্রতি আমার শ্রদ্ধা আছে এবং তুমি আমাকে ও আমাদের দেশকে যা কিছু দিয়েছ, তার জন্য আমি চিরকাল কৃতজ্ঞ থাকব। সবকিছুর জন্য ধন্যবাদ, ক্যাপ্টেন।’