.jpg)
ফুটবল মাঠের বাইরে ব্যবসায়িক পরিসর আরও বাড়ালেন লিওনেল মেসি। স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব সিডি এলদেনসের মালিকানা নিয়েছেন আর্জেন্টাইন এই তারকা। বৃহস্পতিবার (১ অক্টোবর) ক্লাব কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে মেসির কাছে মালিকানা হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছে। তবে চুক্তিটি কার্যকর হতে স্পেনের সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন প্রয়োজন।
এক বিবৃতিতে এলদেনসে জানিয়েছে, লিও মেসির মাধ্যমে ক্লাবটির অধিগ্রহণ সম্পন্ন হয়েছে। শত বছরের বেশি পুরোনো ক্লাবটির ইতিহাসে এর মাধ্যমে নতুন একটি অধ্যায়ের সূচনা হলো। মেসির মালিকানায় ক্লাবটির ক্রীড়াগত, প্রাতিষ্ঠানিক ও সামাজিক উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদি প্রকল্প নেওয়া হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
এর আগে সেপ্টেম্বরে এলদেনসে জানিয়েছিল, মেসি ক্লাবটির আগের সংখ্যাগরিষ্ঠ মালিক কলম্বিয়ান বিনিয়োগ প্রতিষ্ঠান গ্রুপো টিএইচ সলুসিওনেসের হাতে থাকা সব শেয়ার কেনার বিষয়ে নীতিগত চুক্তিতে পৌঁছেছেন। বৃহস্পতিবার সেই অধিগ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা আসে।
এলদেনসে মেসির মালিকানাধীন স্পেনের দ্বিতীয় ক্লাব। চলতি বছরের এপ্রিলেই পঞ্চম স্তরের স্প্যানিশ ক্লাব ইউই কর্নেয়া কিনেছিলেন তিনি। ফলে এলদেনসে হলো মেসির মালিকানাধীন প্রথম পেশাদার স্প্যানিশ ক্লাব।
১৯২১ সালে প্রতিষ্ঠিত এলদেনসে বর্তমানে স্পেনের দ্বিতীয় বিভাগে খেলছে। ক্লাবটির হোম ভেন্যু এলদা শহরের নুয়েভো পেপিকো আমাত স্টেডিয়াম। শত বছরের ইতিহাসে এবারই প্রথম মেসির মতো একজন বৈশ্বিক ফুটবল তারকার মালিকানায় নতুন পর্বে প্রবেশ করল ক্লাবটি।
এলদেনসে আশা করছে, মেসির মালিকানা ক্লাবটির ক্রীড়া ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে নতুন গতি আনবে। মেসির জন্যও এটি স্প্যানিশ ফুটবলে মালিকানা বিস্তারের আরেকটি ধাপ।