
জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ক্যাচ মিসের পর ক্ষোভ প্রকাশ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) শাস্তির মুখে পড়েছেন ভারতের উদ্বোধনী ব্যাটার শেফালি ভার্মা। আচরণবিধি ভঙ্গের দায়ে তাঁকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
গত রোববার রায়পুরে জিম্বাবুয়েকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে ভারত। ওই ম্যাচে জিম্বাবুয়ের ইনিংসের ১২তম ওভারে ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি।
শ্রী চরণের বলে মিড-অফে শট খেলেছিলেন জিম্বাবুয়ের ব্যাটার চিপো মুগেরি-তিরিপানো। সেখানে ফিল্ডিংয়ে থাকা ভারতের টি-টোয়েন্টি সহ-অধিনায়ক শেফালি সহজ একটি ক্যাচ ফেলে দেন। শুধু ক্যাচ মিসই নয়, বলটি গিয়ে লাগে তাঁর থুতনিতে। এতে ক্ষুব্ধ হয়ে বলটি সজোরে মাটিতে আছড়ে মারেন তিনি।
আইসিসির খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের আচরণবিধির ২.২ ধারা লঙ্ঘনের দায়ে শেফালিকে এই শাস্তি দেওয়া হয়েছে। আন্তর্জাতিক ম্যাচ চলাকালে ক্রিকেটের সরঞ্জাম, পোশাক কিংবা মাঠের আনুষঙ্গিক সামগ্রীর প্রতি অবমাননাকর বা হিংসাত্মক আচরণ এই ধারার আওতায় পড়ে।
ম্যাচ রেফারি জিএস লক্ষ্মীর দেওয়া শাস্তি মেনে নেওয়ায় শেফালির বিরুদ্ধে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। গত ২৪ মাসের মধ্যে এটিই তাঁর প্রথম অপরাধ। ফলে তাঁর শৃঙ্খলাজনিত রেকর্ডে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
তবে ফিল্ডিংয়ে হতাশ করলেও ব্যাট হাতে ভারতের জয়ে বড় অবদান রাখেন এই ওপেনার। ১০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ২৫ বলে অপরাজিত ৫৫ রান করেন শেফালি। তাঁর ঝোড়ো ইনিংসে ভর করে মাত্র ৯ ওভারের মধ্যেই জয় নিশ্চিত করে ভারত।