
ক্রিশ্চিয়ানো রোনালদোর পর এবার লিওনেল মেসির সামনে পেশাদার ফুটবলে ১ হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার হাতছানি। আর্জেন্টাইন মহাতারকাও এই অর্জনে পৌঁছাবেন বলে দৃঢ় বিশ্বাস ইন্টার মায়ামির কোচ কিলি গঞ্জালেসের। তাঁর মতে, নতুন চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন বলেই মেসি এই লক্ষ্য অর্জনে এগিয়ে যাবেন।
রোববার (১৮ অক্টোবর) আটলান্টা ইউনাইটেডকে ৩-১ গোলে হারানোর পর সংবাদ সম্মেলনে মেসির হাজার গোলের সম্ভাবনা নিয়ে কথা বলেন মায়ামি কোচ। ওই ম্যাচে মাত্র চার মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন মেসি। এতে তাঁর ক্যারিয়ারের মোট গোলসংখ্যা দাঁড়ায় ৯৩৬-এ।
অন্যদিকে, পেশাদার ফুটবলে ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলসংখ্যা ৯৮১। ঐতিহাসিক এক হাজার গোলের মাইলফলক ছুঁতে পর্তুগিজ তারকার প্রয়োজন আর মাত্র ১৯ গোল।
মেসির সম্ভাবনা নিয়ে গঞ্জালেস বলেন, “হ্যাঁ, আমি বিশ্বাস করি সে এক হাজার গোলে পৌঁছাবে। আমার সেই বিশ্বাস আছে। সে পৌঁছাবেই, কারণ সে চ্যালেঞ্জ ভালোবাসে এবং নিজেই নিজের সামনে নতুন চ্যালেঞ্জ ছুড়ে দেয়। যেহেতু সে ফুটবলে সম্ভাব্য সবকিছু অর্জন করে ফেলেছে, তাই এটিও ব্যতিক্রম হবে না।”
মেসির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরে মায়ামি কোচ আরও বলেন, অনুশীলন থেকে শুরু করে ম্যাচের প্রতিটি পদক্ষেপেই তাঁকে মুগ্ধ করেন এই আর্জেন্টাইন তারকা।
গঞ্জালেসের প্রত্যাশা, অবসরের আগের দিন পর্যন্ত মেসি একইভাবে সবাইকে বিস্মিত করে যাবেন। তাঁর ভাষায়, সেই অবসরের দিনটি আসতে এখনো অনেক দেরি আছে—এমনটাই আশা করেন তিনি।
রোনালদো ও মেসির গোলসংখ্যা নিয়ে ফুটবলবিশ্বে নতুন করে আলোচনার মধ্যে মায়ামি কোচের এই মন্তব্য দুই তারকার দীর্ঘ ক্যারিয়ার ও ধারাবাহিকতার বিষয়টিকেই সামনে এনেছে।