
ওয়ানডে ক্রিকেটে সাম্প্রতিক ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়াতে চান বাংলাদেশের নতুন অধিনায়ক লিটন কুমার দাস। ত্রিদেশীয় সিরিজে মাঠে নামার আগে ব্যাটিংয়ে সিনিয়রদের আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ দিয়েছেন তিনি। শনিবার আবুধাবিতে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে জিম্বাবুয়ের। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৫টায়।
আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ তিন ওয়ানডের কোনোটিতেই পুরো ৫০ ওভার ব্যাট করতে পারেনি বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষেও আগের সিরিজে ব্যাটিংয়ে ভুগতে হয়েছে দলকে। এসব ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এবার দায়িত্বশীল ক্রিকেট খেলার ওপর জোর দিয়েছেন লিটন।
তিনি বলেন, ‘সিনিয়র খেলোয়াড় হিসেবে আমাদের দায়িত্ব নিতে হবে। আমরা এখানে (আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে) ৫০ ওভার ব্যাট করতে পারিনি এবং জিম্বাবুয়েতেও পারিনি।’
তবে অতীতের ব্যর্থতা নিয়ে পড়ে না থেকে ইতিবাচক মানসিকতা ধরে রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। লিটনের মতে, আগের ম্যাচগুলোর অভিজ্ঞতা প্রস্তুতিতে কাজে লাগলেও তা যেন দলের আত্মবিশ্বাসে নেতিবাচক প্রভাব না ফেলে।
তিনি বলেন, ‘অতীতে যা ঘটেছে তা আমাদের প্রস্তুতির ক্ষেত্রে সাহায্য করতে পারে। কিন্তু আমরা কেবল এই বিষয়টিতে আটকে থাকতে পারি না যে অতীতে আমরা খারাপ খেলেছি এবং ভবিষ্যতেও খারাপ খেলব। আমাদের মানসিকতা ইতিবাচক রাখতে হবে এবং আমরা ইতিবাচকভাবে খেলার চেষ্টা করব।’
এদিকে এই সিরিজে বাংলাদেশের হয়ে ওয়ানডে অভিষেক হতে পারে রহস্যময় স্পিনার আলিস আল ইসলামের। সাদা বলের ক্রিকেটে তাঁর পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করে লিটন বলেন, ঘরোয়া টি-টোয়েন্টিতে নিজেকে প্রমাণ করেছেন আলিস। এখন জাতীয় দলের হয়ে অবদান রাখার সুযোগ দেওয়ার উপযুক্ত সময় বলে মনে করেন তিনি।
আলিসের অন্তর্ভুক্তি নিয়ে লিটন বলেন, ‘নিশ্চিতভাবে আপনি যদি আলিসের দিকে তাকান, সাদা বলের ক্রিকেটে সে বেশ ভালো করছে। সে নিজেকে প্রমাণ করেছে, বিশেষ করে বাংলাদেশে টি-টোয়েন্টি ফরম্যাটের খেলায়। আমার মনে হয় তাকে দলে রাখার এটাই সঠিক সময়। যদি সে দলের সঙ্গে থেকে অবদান রাখতে পারে, তাতে বাংলাদেশ দল উপকৃত হবে।’
এশিয়ান গেমসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল আলিসের। এর আগে জাতীয় দলে ডাক পেলেও খেলার সুযোগ পাননি তিনি। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে এবার প্রথমবারের মতো ওয়ানডে দলে জায়গা পেয়েছেন এই স্পিনার।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে ১০ ম্যাচে ২৪ উইকেট নিয়ে প্রতিযোগিতাটির সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছিলেন আলিস। সেই পারফরম্যান্সই তাঁকে জাতীয় দলের ওয়ানডে স্কোয়াডে জায়গা করে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।