
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গৃহস্থালি সামগ্রীর ভেতরে লুকিয়ে আনা প্রায় ৫৬৬ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ কামরুল ইসলাম নামে আবুধাবিফেরত এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। উদ্ধার করা সোনার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লাখ ৪০ হাজার টাকা।
রোববার (১৮ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে আবুধাবি থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএ-৩৫০ ফ্লাইটে আসা ওই যাত্রীর কাছ থেকে সোনাগুলো উদ্ধার করা হয়। আটক কামরুল ইসলাম চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, কাস্টমস হলে স্ক্যানিংয়ের সময় কামরুল ইসলামকে সন্দেহজনক হিসেবে শনাক্ত করেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সদস্যরা। পরে ডিজিএফআই, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমস ইন্টেলিজেন্সের যৌথ তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে সোনা উদ্ধার করা হয়।
উদ্ধার করা সোনার মধ্যে রয়েছে ৪৬৬ গ্রাম ওজনের চারটি সোনার বার এবং ১০০ গ্রাম ওজনের একজোড়া সোনার চুড়ি। সোনার বারগুলো নন-স্টিক প্যান, স্টেইনলেস স্টিলের সবজি ব্লেন্ডিংয়ের যন্ত্র এবং বাসন রাখার স্ট্যান্ডের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার করা সোনার মোট ওজন আনুমানিক ৫৬৬ গ্রাম। এর বাজারমূল্য ১ কোটি ২০ লাখ ৪০ হাজার টাকা।