
এল ক্লাসিকোর উত্তাপ ছড়িয়েছে মাঠের বাইরেও। মৌসুমের প্রথম লড়াইয়ে মুখোমুখি হওয়ার আগে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে নিয়ে নিজের কঠোর মনোভাব জানিয়েছেন বার্সেলোনার মিডফিল্ডার গাভি। তাঁর স্পষ্ট কথা, মাঠে নামলে প্রতিপক্ষের কোনো খেলোয়াড়ই তাঁর বন্ধু নন।
স্প্যানিশ ফুটবলের দুই জায়ান্টের লড়াইটি অনুষ্ঠিত হবে স্পেনের স্থানীয় সময় রোববার (২৫ অক্টোবর) রাত ৯টায়। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সোমবার (২৬ অক্টোবর) রাত ২টায়। বার্সেলোনার মাঠ স্পটিফাই ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত হবে এবারের মৌসুমের প্রথম এল ক্লাসিকো।
ম্যাচের আগে ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে গাভি জানান, রিয়াল মাদ্রিদের কোন খেলোয়াড় চোটের কারণে খেলছেন বা খেলছেন না, তা নিয়ে তিনি ভাবিত নন। মাঠে নিজের সেরাটা দিয়ে খেলাই তাঁর লক্ষ্য।
মাঠের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে গাভি বলেন, ‘মাঠের বাইরে এমন খেলোয়াড় থাকতে পারে যাদের আমি কম-বেশি পছন্দ করি, কিন্তু পিচে যখন নামি, তখন আমি তাদের কাউকেই পছন্দ করি না। মাঠে আমার কোনো বন্ধু নেই। আমি শুধু সমর্থকদের একটি দুর্দান্ত জয় উপহার দিতে চাই, কারণ তারা এটার যোগ্য।’