
চলতি লা লিগা মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। তবে মাঠের এই সাফল্যের দিনেই বড় ধরনের চুরির শিকার হয়েছেন দলটির ব্রাজিলিয়ান ডিফেন্ডার এডার মিলিতাও। ম্যাচ চলার সময় তাঁর বাড়িতে ঢুকে প্রায় সাড়ে তিন লাখ ইউরো মূল্যের দামি ঘড়ি, ব্যাগ ও স্বর্ণালংকার নিয়ে গেছে দুর্বৃত্তরা। বাংলাদেশি মুদ্রায় চুরি হওয়া সম্পদের মূল্য প্রায় পাঁচ কোটি টাকা।
ঘটনাটি ঘটে ম্যাচের প্রথমার্ধে। রাত ৯টা থেকে ১০টার মধ্যে অন্তত দুজন অজ্ঞাত ব্যক্তি মিলিতাওয়ের বাড়ির ওপরের তলার একটি কক্ষে প্রবেশ করে। সে সময় তাঁর পরিবারের সদস্যরা বাড়ির নিচতলায় বসে টেলিভিশনে এল ক্লাসিকো দেখছিলেন। ফলে বাড়িতে চোরের প্রবেশের বিষয়টি তাঁদের নজরে আসেনি।
চোরেরা সরাসরি মিলিতাওয়ের শোবার ঘরে ঢুকে সেখানে থাকা মূল্যবান সামগ্রী তছনছ করে। পরে দামি ঘড়ি, নকশাদার ব্যাগ, আংটি, ব্রেসলেটসহ বিভিন্ন গয়না নিয়ে পালিয়ে যায়।
বাড়িতে ফিরে নিজের মূল্যবান জিনিসপত্র খুঁজে না পেয়ে চুরির বিষয়টি বুঝতে পারেন মিলিতাও। খোয়া যাওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ৫৩ হাজার ইউরো দামের একটি রোলেক্স ঘড়ি এবং প্রায় ১ লাখ ৭০ হাজার ইউরো মূল্যের একটি রিচার্ড মিল ঘড়ি।
এ ছাড়া প্রায় ১৫ হাজার ইউরো মূল্যের তিনটি শ্যানেল ব্যাগ, ২৫ হাজার ইউরো দামের কার্টিয়ের আংটি ও ব্রেসলেটও চুরি হয়েছে। এর বাইরে আরও কিছু অলংকার, ব্রেসলেট ও সুটকেস নিয়ে গেছে দুর্বৃত্তরা। সব মিলিয়ে চুরি হওয়া সম্পদের আর্থিক মূল্য ৩ লাখ ৫০ হাজার ইউরোর বেশি বলে ধারণা করা হচ্ছে।
স্পেনে পেশাদার ফুটবলারদের বাড়িতে চুরির ঘটনা অবশ্য নতুন নয়। সাম্প্রতিক বছরগুলোতে পরিচিত খেলোয়াড়দের বাসভবন লক্ষ্য করে একাধিক ডাকাতি ও চুরির ঘটনা ঘটেছে। মিলিতাওয়ের বাড়িতে চুরির ঘটনাটিও সেই ধারাবাহিকতার সর্বশেষ সংযোজন।
এর আগে ২০২২ সালে বার্সেলোনার সাবেক ফরোয়ার্ড পিয়ের-এমেরিক অবামেয়াংয়ের বাড়িতে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটে। ওই সময় দুর্বৃত্তদের হামলায় তাঁর চোয়াল ভেঙে যায়। এ ছাড়া চলতি মাসে ডাকাতির শিকার হয়েছেন রিয়াল বেটিসের স্ট্রাইকার ট্রয় প্যারট এবং প্যারিস সেন্ট জার্মেইর সাবেক গোলরক্ষক সার্জিও রিকো।