
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে দীর্ঘদিন ধরে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন টুর্নামেন্টের নামকরণে সরকারপ্রধান ও তাঁদের পরিবারের সদস্যদের নাম ব্যবহারের রীতি চলে আসছে। প্রচলিত এই রীতি নিয়ন্ত্রণে পদক্ষেপ নিয়েছে বর্তমান সরকার।
এখন থেকে ক্রীড়া প্রতিযোগিতা ও টুর্নামেন্টের নামকরণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তাঁদের পরিবারের সদস্যদের নাম ব্যবহার করতে হলে সরকারের অনুমোদন নিতে হবে। এ বিষয়ে নির্দেশনা জারি করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) জাহেদ পারভেজ চৌধুরী স্বাক্ষরিত ওই নির্দেশনায় সরকারের পূর্বানুমোদন ছাড়া এ ধরনের আয়োজন না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় ক্রীড়া পরিষদের আওতাধীন কোনো ফেডারেশন, অ্যাসোসিয়েশন, সংস্থা, স্থানীয় ক্রীড়া সংস্থা কিংবা এসব প্রতিষ্ঠানের অধিভুক্ত কোনো ক্লাব প্রতিযোগিতার নামকরণে জিয়া পরিবারের সদস্যদের নাম ব্যবহার করতে চাইলে আগে সরকারের অনুমতি নিতে হবে। সংশ্লিষ্ট প্রতিযোগিতার প্রচার-প্রচারণার ক্ষেত্রেও একই নিয়ম অনুসরণ করতে হবে।
ইতোমধ্যে জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে বিষয়টি সব ফেডারেশন, অ্যাসোসিয়েশন, জেলা ক্রীড়া কর্মকর্তা, বোর্ড, সংস্থা ও জেলা ক্রীড়া সংস্থাকে জানিয়ে দেওয়া হয়েছে।