
সাফ চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৮টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।
বাংলাদেশের কাছে এই ম্যাচ কেবল সেমিফাইনাল নয়, দীর্ঘ ২১ বছরের অপেক্ষার অবসান ঘটানোরও সুযোগ। সর্বশেষ ২০০৫ সালে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। সেবার ১৪ ডিসেম্বর করাচির পিপলস স্টেডিয়ামে পাকিস্তানকে সেমিফাইনালে হারিয়েই ফাইনালের টিকিট পেয়েছিল বাংলাদেশ।
এরপর দুই দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও আর ফাইনালে ওঠা হয়নি বাংলাদেশের। কখনো গ্রুপ পর্বে, আবার কখনো সেমিফাইনালে থেমেছে দলের যাত্রা। ফাইনালের কাছাকাছি পৌঁছেও শেষ পর্যন্ত সেখানে জায়গা করে নিতে পারেনি তারা।
তবে এবার আবারও ফাইনালে খেলার সুযোগ এসেছে বাংলাদেশের সামনে। আর সেই পথে বাধা পাকিস্তান। ২১ বছর আগে যে দলকে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ, এবারও সেই পাকিস্তানকে পরাজিত করেই ফাইনালে যাওয়ার হাতছানি রয়েছে হামজা-জামালদের সামনে।
এ ছাড়া ২০০৩ সালে নিজেদের মাঠে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবারও ঘরের মাঠে খেলছে দলটি। ফলে দীর্ঘ ২৩ বছরের শিরোপা-খরা কাটিয়ে আবারও চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে মরিয়া বাংলাদেশের ফুটবলাররা।