
যশোরে তালিকাভুক্ত সন্ত্রাসী তৌহিদুর রহমান জুয়েলের বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) ভোররাতে সদর উপজেলার শেখহাটি পূর্বপাড়ায় জুয়েলের বাড়িতে এ অভিযান চালানো হয়। এ সময় বাড়ির রান্নাঘরের টিনের চালের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় অস্ত্র ও গুলিগুলো উদ্ধার করেন ডিবি সদস্যরা। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে জুয়েল ও তার পরিবারের সদস্যরা পালিয়ে যান।
পলাতক জুয়েলের বয়স ৪২ বছর। তিনি একই এলাকার কাজী আলমগীর হোসেনের ছেলে। হত্যা, অস্ত্র, বিস্ফোরক, চাঁদাবাজি ও মাদকসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে মোট ১৪টি মামলা রয়েছে।
ডিবি যশোরের ওসি মোহাম্মদ মামুনুর রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোররাতে তালিকাভুক্ত সন্ত্রাসী জুয়েলের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি ও তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে যান।
পরে বাড়িতে তল্লাশি চালিয়ে রান্নাঘরের টিনের চালের নিচে বিশেষ কায়দায় লুকানো একটি বিদেশি ৭.৬৫ এমএম পিস্তল, দুটি পিস্তলের ম্যাগাজিন, চার রাউন্ড পিস্তলের গুলি এবং এক রাউন্ড ওয়ান শুটারের গুলি উদ্ধার করা হয়। জুয়েলকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।