
সিলেটের কানাইঘাট উপজেলার নুনছড়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে ৪৮টি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ১০০টি ডেটোনেটর ও ১১টি ফিউজ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিজিবি জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সোহেল আলম।
তিনি জানান, শনিবার ভোর ৫টার দিকে জকিগঞ্জ ব্যাটালিয়নের একটি বিশেষ দল নুনছড়া চা বাগান এলাকায় অভিযান চালায়। এ সময় অভিযানের সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
বিজিবি জানিয়েছে, উদ্ধার করা বিস্ফোরকগুলোর গায়ে ‘হাই পাওয়ার ইমালশন এক্সপ্লোসিভস’ লেখা রয়েছে। এগুলো উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক। অন্যদিকে, উদ্ধার করা ডেটোনেটর ও ফিউজ বিস্ফোরক সক্রিয় করার কাজে ব্যবহার করা হয়।
বিজিবি আরও জানায়, সদর দপ্তরের নির্দেশনায় সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ এবং অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক পাচার ঠেকাতে সিলেট সেক্টরজুড়ে বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এ কার্যক্রমের অংশ হিসেবেই নুনছড়া চা বাগানের দুর্গম এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে ৪৮টি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ১০০টি ডেটোনেটর ও ১১টি ফিউজ উদ্ধার করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় বিজিবি জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সোহেল আলম জানান, সীমান্তের নিরাপত্তা জোরদারে সিলেট সেক্টরের ৫৬টি সীমান্ত ফাঁড়িতে (বিওপি) ১ হাজার ২০০ জনের বেশি বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। প্রতিদিন দিনে ৬০ থেকে ৬৫টি এবং রাতে ৭৫ থেকে ৮৫টি টহল পরিচালনা করা হচ্ছে। এ ছাড়া প্রতি রাতেই বিশেষ অভিযান চালানো হচ্ছে।
তিনি আরও জানান, সম্ভাব্য অনুপ্রবেশের পথগুলো চিহ্নিত করে ৪০টি চেকপোস্ট সচল রাখা হয়েছে। ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় সার্চলাইট, নাইট ভিশন সরঞ্জাম এবং সৌরবিদ্যুৎচালিত নিরাপত্তা ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হচ্ছে।