
পাঁচ দফা দাবিতে সিএনজিচালিত অটোরিকশার মালিক-শ্রমিকদের ডাকা কর্মসূচির প্রতি একাত্মতা জানিয়ে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট জেলা সড়ক পরিবহণ মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ।
সোমবার (১৬ নভেম্বর) ভোর ৬টা থেকে এ ধর্মঘট শুরু হওয়ার কথা রয়েছে।
সমগ্র সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী আকবর রাজন ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করেছেন।
তারা জানিয়েছেন, সর্বস্তরের পরিবহণ শ্রমিকরা এ কর্মসূচিতে অংশ নেবেন। তবে এর আগে দাবিগুলোর বিষয়ে কোনো কার্যকর সমাধান হলে পরবর্তী সিদ্ধান্তের মাধ্যমে তা জানিয়ে দেওয়া হবে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গত ১২ নভেম্বর রাতে সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনালে মালিক সমিতির কার্যালয়ে সমন্বয় পরিষদের একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি শেখ ইমরান হোসেন ঝুনুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজির আহমেদ স্বপনের সঞ্চালনায় সভায় সমন্বয় পরিষদের তিন দফা দাবির প্রতি পূর্ণ সমর্থন জানানো হয়। পাশাপাশি সিএনজিচালিত অটোরিকশার মালিক-শ্রমিকদের পাঁচ দফা দাবির প্রতিও একাত্মতা প্রকাশ করা হয়। সভা থেকেই কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়।
অটোরিকশার মালিক-শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে, সিলেটের শোরুম থেকে কেনা সিএনজিচালিত অটোরিকশার নিবন্ধন দেওয়া, নতুন ই-রিকশা ও ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন বন্ধ করা এবং পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা করা।
এ ছাড়া অবৈধ ইজিবাইক, টমটম, মিশুক ও ব্যাটারিচালিত রিকশার চলাচল বন্ধের দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে ট্রাফিক পুলিশের হয়রানি, অতিরিক্ত জরিমানা ও মামলা বন্ধ এবং ট্রাফিক বিভাগের দুর্নীতি রোধের দাবিও রয়েছে।
অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে সিএনজির জ্বালানি সংকট দূর করা এবং বিআরটিএ সিলেট কার্যালয়ে হয়রানি বন্ধ করা।