
গাজীপুরের কালিয়াকৈরে পোশাক শ্রমিকের পরিচয়ে বেতন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে একদল লোক পোশাক শ্রমিক পরিচয়ে বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে দূরপাল্লার বাসের যাত্রীসহ সাধারণ মানুষ দুর্ভোগে পড়েন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। পরে বেলা ১১টার দিকে অবরোধকারীরা মহাসড়ক ছেড়ে চলে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। এ সময় ঘটনাস্থল থেকে ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।
কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, আন্দোলনের নামে মহাসড়ক অবরোধ করে বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা প্রকৃত শ্রমিক নন। তারা নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
তিনি আরও বলেন, মহাসড়ক ও বিভিন্ন কারখানার সামনে অবস্থান নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।