
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদলের এক নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতার ওই নেতার নাম রাকিব হাসান রিফাত (২২)। এ সময় তার এক সহযোগীকেও আটক করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম।
এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তর পাশে টাইগার রোলিং মিলের সামনে শিবলীর দোকানঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার অপর ব্যক্তি হলেন মো. জাহিদ হাসান রনি (৩০)।
গ্রেফতার রাকিব হাসান রিফাত শিমরাইল মুন্সীবাড়ি এলাকার মৃত হাসান পারভেজ মুন্সীর ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক। অন্যদিকে, জাহিদ হাসান রনি শিমরাইল দক্ষিণপাড়া এলাকার মৃত আলী আকবরের ছেলে।
ডিবি পুলিশ জানায়, জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে শিবলীর দোকানঘরে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে সেখানে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে রাকিবের প্যান্টের পকেট থেকে ৫০ পিস এবং রনির প্যান্টের পকেট থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৭ হাজার টাকা।
এ ছাড়া গ্রেফতার দুজনের কাছ থেকে ইয়াবা বিক্রির ৫২ হাজার ১৫০ টাকা উদ্ধার করেছে পুলিশ। মাদক পরিবহণে ব্যবহৃত একটি সুজুকি জিক্সার মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
ডিবি পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুজন জানিয়েছেন, তারা বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেলে করে ইয়াবা সংগ্রহ করতেন। পরে সেগুলো সিদ্ধিরগঞ্জের শিমরাইল ও আশপাশের এলাকায় বিক্রি করতেন।
এ ঘটনায় গ্রেফতার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. নজরুল ইসলাম বলেন, ইয়াবাসহ রাকিব হাসান রিফাত ও তার এক সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ইয়াবা, নগদ টাকা এবং মাদক পরিবহণে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা হয়েছে।