
পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে বইছে পরিবর্তনের হাওয়া। বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হঠিয়ে ঐতিহাসিক জয়ের পর এখন সরকার গঠনের চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। তবে সব জল্পনা ছাপিয়ে এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে— কে বসছেন বাংলার মসনদে? শুভেন্দু অধিকারী বা স্বপন দাশগুপ্তের মতো অভিজ্ঞ রাজনীতিকদের নাম আলোচনায় থাকলেও, সবাইকে চমকে দিয়ে স্পটলাইটে চলে এসেছেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল।
আসানসোলে বড় জয় ও উত্থান
আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে প্রায় ৪০ হাজার ভোটের বিশাল ব্যবধানে তৃণমূলের তাপস ব্যানার্জিকে পরাজিত করেছেন ৫১ বছর বয়সী অগ্নিমিত্রা। এই জয় শিল্পাঞ্চলে বিজেপির ভিতকে শুধু মজবুতই করেনি, বরং তাকে নিয়ে গেছে নেতৃত্বের শীর্ষ আলোচনায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প হিসেবে কোনো নারী মুখকে তুলে ধরার কৌশল নিলে অগ্নিমিত্রাই হতে পারেন বিজেপির তুরুপের তাস।
চিকিৎসাবিজ্ঞান ছেড়ে ফ্যাশন দুনিয়ায়
আসানসোলের এক মধ্যবিত্ত পরিবারে বড় হওয়া অগ্নিমিত্রার বাবা ছিলেন বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ। পরিবারের স্বপ্ন ছিল মেয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে। ডেন্টিস্ট্রি পড়ার সুযোগ পেলেও গাইনোকোলজিস্ট হওয়ার লক্ষ্য পূরণ না হওয়ায় তিনি বোটানিতে স্নাতক ডিগ্রি নেন। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট পড়ার পাশাপাশি অনেকটা শখের বশেই বিরলা ইনস্টিটিউট থেকে ফ্যাশন ডিজাইনিংয়ের ডিপ্লোমা করেন।

গ্ল্যামার জগত থেকে রাজনীতির ময়দান
নব্বইয়ের দশকের শেষের দিকে ফ্যাশন ডিজাইনার হিসেবে তার যাত্রা শুরু। ২০০৭ সালের ল্যাকমে ফ্যাশন উইকে বাংলার ঐতিহ্যবাহী কাঁথা ও লোকশিল্পকে বিশ্বমঞ্চে তুলে ধরে ব্যাপক প্রশংসা কুড়ান তিনি। শ্রীদেবী, হেমা মালিনী ও মিঠুন চক্রবর্তীর মতো মহাতারকারা তার তৈরি পোশাক পরেছেন। এমনকি সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকেও তার ডিজাইনের উপহার দেওয়া হয়েছে। ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত তার ব্র্যান্ড ‘ইঙ্গা’ কলকাতার ফ্যাশন জগতে একটি আস্থার নাম।
বিতর্কেও জড়িয়েছে নাম
সাফল্যের পাশাপাশি অগ্নিমিত্রার রাজনৈতিক জীবনে ছায়া ফেলেছে অসংখ্য আইনি জটিলতা। নির্বাচনী হলফনামার তথ্য অনুযায়ী:
তার বিরুদ্ধে বর্তমানে ২৩টি ফৌজদারি মামলা রয়েছে। এসবের মধ্যে রয়েছে বেআইনি জমায়েত, দাঙ্গা, সহিংস বিক্ষোভ ও সরকারি নির্দেশ অমান্যের অভিযোগ।
যদিও এখন পর্যন্ত কোনো অভিযোগেই তিনি আদালতে দোষী সাব্যস্ত হননি।

গড়তে পারেন নতুন ইতিহাস
যদি শেষ পর্যন্ত সব সমীকরণ মিলে যায় এবং বিজেপি অগ্নিমিত্রাকেই মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেয়, তবে তা হবে এক নজিরবিহীন ঘটনা। ফ্যাশন র্যাম্প থেকে সরাসরি রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক পদে আরোহণের মাধ্যমে তিনি তৈরি করবেন এক নতুন রাজনৈতিক উপাখ্যান।
সূত্র: ওয়ার্ল্ড ইজ ওয়ান নিউজ