
নোয়াখালীর হাতিয়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীর সঙ্গে তার অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও ভাইরাল হয়েছে।
সোমবার (১৬ মার্চ) বিভিন্ন ফেসবুক আইডি থেকে ভিডিওটি প্রকাশ করা হয়। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ার পর অনেকে নেগেটিভ মন্তব্য করছেন। তবে ইউএনও দাবি করেছেন, “ভিডিওটি তার সম্মানহানি করার উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে।”
স্থানীয় সূত্রে জানা যায়, ভিডিও ভাইরাল হওয়ার বিষয়টি জানতে পেরে ইউএনও সোমবার সকাল ৯টার আগে জেলা সদরের উদ্দেশে তার কর্মস্থল ত্যাগ করেন।
ইউএনওর কার্যালয়ের এক কর্মকর্তা সাংবাদিকদের জানান, তিনি সকাল ৯টার দিকে কার্যালয়ে উপস্থিত ছিলেন এবং তখন জানতে পারেন ইউএনও জেলা সদরে গেছেন। তিনি জানান, ইউএনও যাওয়ার আগে কার্যালয়ের কাউকে বিষয়টি সম্পর্কে বিশেষ কিছু বলেননি। একই কর্মকর্তা বলেন, তিনি ভিডিওটি ভাইরাল হওয়ার কথা শুনেছেন, তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
ভিডিও প্রসঙ্গে ইউএনও মো. আলাউদ্দিন বলেন, “এটি অনেক আগের কর্মস্থলের কিছু ঝামেলার কারণে কেউ শত্রুতাবশত এআই ব্যবহার করে তৈরি করার চেষ্টা করছে। আমি বিষয়টি প্রতিহত করার চেষ্টা করছি। জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরামর্শ অনুযায়ী আইনগত পদক্ষেপ নেব।”
জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, “পত্রিকার মাধ্যমে বিষয়টি সম্পর্কে জানতে পেরেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এটি যাচাই-বাছাই করা প্রয়োজন।” তিনি আরও জানান, ইউএনও সোমবার সকালে তার দপ্তরে ছুটির আবেদন দিয়ে কর্মস্থল ত্যাগ করেছেন।