
আফগানিস্তানে সামরিক অভিযানে ২২৮ তালেবান সদস্য নিহত এবং ৩১৪ জন আহত হয়েছেন—এমন দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, ‘অপারেশন গজব লিল–হক’-এ ৭৪টি তালেবান কমান্ড পোস্ট ধ্বংস ও ১৮ জনকে আটক করা হয়েছে।’
এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ–এর মুখপাত্র মোশাররফ জাইদি দাবি করেছিলেন, অভিযানে ১৩৩ তালেবান যোদ্ধা নিহত এবং ২০০ জনের বেশি আহত হয়েছেন।
পাকিস্তান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তালেবানের হামলায় দেশটিতে ২৭ জন আহত হয়েছেন। তবে তালেবান সরকারের ভাষ্য ভিন্ন। তাদের দাবি, সংঘাতে তাদের আটজন যোদ্ধা নিহত এবং ১১ জন আহত হয়েছেন।
অন্যদিকে, তালেবান সরকার পাল্টা দাবি করেছে, পাকিস্তানে তাদের হামলায় ৫৫ সেনা নিহত হয়েছেন। তাদের বক্তব্য অনুযায়ী, গত বুধবার ডুরাল্ড লাইন (আফগান–পাকিস্তান সীমান্ত) বরাবর পাকিস্তানি সামরিক অবস্থান লক্ষ্য করে বড় ধরনের প্রতিশোধমূলক আক্রমণ চালানো হয়, যেখানে ৫৫ পাকিস্তানি সেনা নিহত হন।
কয়েক মাস ধরে টানাপোড়েনের পর আবারও সরাসরি সংঘাতে জড়িয়ে পড়েছে প্রতিবেশী দুই মুসলিমপ্রধান দেশ আফগানিস্তান ও পাকিস্তান। গত রোববার আফগানিস্তানের নানগারহার ও পাকতিকা প্রদেশে হামলা চালায় পাকিস্তানি বাহিনী, যা সাম্প্রতিক উত্তেজনাকে নতুন করে উসকে দিয়েছে।