
দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক ফুটবলের নতুন আসর ‘ফিফা আসিয়ান কাপ ২০২৬’ নিয়ে আশাবাদী ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আগামী ২৪ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে আমন্ত্রিত অতিথি দল হিসেবে অংশ নিচ্ছে বাংলাদেশ।
ইনফান্তিনোর মতে, নতুন এই আয়োজন আঞ্চলিক ফুটবলের মানোন্নয়নের পাশাপাশি সমর্থকদের আন্তর্জাতিক ফুটবলের এক স্মরণীয় অভিজ্ঞতা উপহার দেবে।
আন্তর্জাতিক ম্যাচ ক্যালেন্ডারের সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতাটি। দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশের সঙ্গে এতে অংশ নেবে বাংলাদেশসহ তিনটি আমন্ত্রিত অতিথি দল।
আয়োজক ইন্দোনেশিয়ার পাশাপাশি টুর্নামেন্টের মূল পর্ব বা ‘ডিভিশন ১’-এ বাংলাদেশের প্রতিপক্ষ হবে শক্তিশালী থাইল্যান্ড, ভিয়েতনাম, মালয়েশিয়া, ফিলিপাইন ও সিঙ্গাপুর। এই পর্বে বাংলাদেশ ছাড়াও অতিথি দল হিসেবে অংশ নেবে পাকিস্তান।
টুর্নামেন্টের উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরে ইনফান্তিনো বলেন, ‘আন্তর্জাতিক ম্যাচ ক্যালেন্ডারের নির্ধারিত সময়ে জাতীয় দলগুলোকে অর্থবহ ও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ করে দেওয়ার লক্ষ্যেই ফিফা আসিয়ান কাপের সূচনা করা হয়েছে।’