
ইরানের একটি প্রাইমারি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো শিক্ষার্থীদের পরিবারগুলোর পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে চীন। এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় ২ লাখ ডলার অনুদান দেওয়ার কথা জানিয়েছে বেইজিং।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলের হরমজগান প্রদেশের মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শিক্ষার্থীদের পরিবারের জন্য এই অর্থ সহায়তা দেওয়া হবে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জরুরি মানবিক সহায়তার অংশ হিসেবে চীনের রেড ক্রস সোসাইটি ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটিকে ২ লাখ ডলার প্রদান করবে। নিহত শিশুদের অভিভাবকদের প্রতি সমবেদনা জানানো এবং ক্ষতিপূরণ হিসেবে এই অর্থ দেওয়া হচ্ছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ওই দিন মিনাব শহরের ওই স্কুলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৭৫ জন নিহত হন, যাদের অধিকাংশই ছিল শিশু শিক্ষার্থী।
এই হামলার বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন এটিকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের ‘গুরুতর লঙ্ঘন’ বলে মন্তব্য করেন।
শুক্রবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, “স্কুল ও শিশুদের ওপর হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘন এবং তা বিবেক ও নৈতিকতার সর্বনিম্ন সীমাকেও লঙ্ঘন করে।”
তিনি আরও বলেন, “মানবিক দৃষ্টিকোণ থেকে এই কঠিন সময়ে ইরানের জনগণের প্রতি প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখতে চীন প্রস্তুত।”
এদিকে হামলার পেছনে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতার ইঙ্গিত পাওয়া গেলেও ওয়াশিংটন ও তেলআবিব উভয়ই দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে। তবে সমালোচকদের মতে, মিনাবের ওই স্কুলে হামলার ঘটনাটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধের ভয়াবহতার প্রতীক হয়ে উঠেছে।