
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমান এর উপদেষ্টা মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় ধাপের অস্ত্রোপচার চলছে।
চিকিৎসকরা জানিয়েছেন, প্রথম অস্ত্রোপচার শুক্রবার (১৩ মার্চ) বিকেল ৩টায় শুরু হয়ে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে শেষ হয়। শারীরিক জটিলতা বিবেচনা করে পরে দ্বিতীয় ধাপের অস্ত্রোপচার শুরু হয়, যা শেষ খবর পাওয়া পর্যন্ত চলছে।
চিকিৎসকরা আশাবাদী, দ্বিতীয় অস্ত্রোপচার এবং পরবর্তী পুনর্বাসন যদি কিছুটা সফল হয়, তবে মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হতে পারে। পরিবারের পক্ষ থেকে এয়ার অ্যাম্বুলেন্সসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।
পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, বুধবার ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ করে মির্জা আব্বাস জ্ঞান হারান। দ্রুত শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
গুরুতর অসুস্থতার খবর পাওয়ার পর তারেক রহমান, স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক নেতা হাসপাতালে পৌঁছে মির্জা আব্বাসের খোঁজখবর নেন এবং পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।
মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা কামনায় পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।