
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান জানিয়েছেন, রাজাকারের তালিকায় অনেকে প্রকৃত মুক্তিযোদ্ধার নাম অন্তর্ভুক্ত হয়েছে। একই সঙ্গে ভুয়া মুক্তিযোদ্ধার বিষয়েও অভিযোগ উঠেছে। তিনি বলেন, এসব চিহ্নিত করে সংশোধনের পদক্ষেপ নেওয়া হবে।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মন্ত্রী। তিনি জানান, বিকেল সোয়া তিনটার দিকে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের প্রদত্ত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করার আশ্বাস দিয়ে আহমেদ আজম খান বলেন, “প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা যেন ঠিকভাবে কাজ করতে পারি এবং যে দায়িত্ব আমাদের দেওয়া হয়েছে তা যেন সততার সঙ্গে পালন করতে পারি।”
মন্ত্রী আরও জানান, বর্তমান সরকার খালেদা জিয়ার চিন্তা-চেতনা এবং জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে কাজ করছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগ নিয়ে তিনি বলেন, “সামনে যে চ্যালেঞ্জগুলো রয়েছে, তার মধ্যে ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া, রাজাকারের তালিকায় অনেক মুক্তিযোদ্ধা ঢুকে গেছেন। বিষয়টি আমরা চিহ্নিত করব। একই সঙ্গে ভুয়া মুক্তিযোদ্ধাদের বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এ সময় উপস্থিত ছিলেন আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং টাঙ্গাইল জেলার সখীপুর, বাসাইল, মধুপুর ও ধনবাড়ীর বিভিন্ন পর্যায়ের নেতারা।