
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর অবশেষে মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের। বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার অস্ত্রোপচার চলছে।
শুক্রবার (১৩ মার্চ) বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড সব দিক বিবেচনা করে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছে।
ডা. রফিকুল ইসলাম বলেন, “বিশেষজ্ঞ চিকিৎসকদের গঠিত মেডিকেল বোর্ড সবকিছু পর্যালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিস্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছে। কিছুক্ষণ আগে (বিকেল ৩টা ১০ মিনিটে) উনাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়েছে।”
তিনি আরও জানান, শুক্রবার সকালে মির্জা আব্বাসের সিটি স্ক্যান করা হয়। পরীক্ষার রিপোর্টে তার শারীরিক অবস্থার অবনতি ধরা পড়লে দ্রুত একটি ভার্চ্যুয়াল মেডিকেল বোর্ড বৈঠকে বসে। সবকিছু পর্যালোচনার পর জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয় এবং এ বিষয়ে পরিবারের সদস্যদের সম্মতিও নেওয়া হয়েছে।
মেডিকেল বোর্ডে দেশের খ্যাতনামা নিউরো বিশেষজ্ঞরা রয়েছেন বলে জানান ডা. রফিকুল ইসলাম। বোর্ডে অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, সৈয়দ অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ ও অধ্যাপক শফিকুল ইসলামসহ এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরাও যুক্ত আছেন।
এদিকে জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের খোঁজখবর নেন। এ সময় মেডিকেল বোর্ডের সদস্যরা তার কাছে রোগীর সার্বিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। পরে মির্জা আব্বাসের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে বলে জানান ডা. রফিকুল ইসলাম।
উল্লেখ্য, গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।