
ইরানকে পারমাণবিক অস্ত্রের সক্ষমতা অর্জন থেকে বিরত রাখতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিজের অবস্থান ও লক্ষ্য অভিন্ন বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, তেহরানের পারমাণবিক কর্মসূচি ঠেকাতে দুই দেশের নেতৃত্ব একই কৌশলগত লক্ষ্য নিয়ে কাজ করছে।
মঙ্গলবার (২৮ জুলাই) যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর এক সাক্ষাৎকারে নেতানিয়াহু এসব কথা বলেন।
তিনি জানান, ট্রাম্পের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকটি অত্যন্ত ইতিবাচক ছিল এবং দুই নেতার মধ্যে হওয়া বৈঠকগুলোর মধ্যে এটিকে তিনি অন্যতম সেরা বলে মনে করেন।
ট্রাম্পের সঙ্গে সম্পর্কের দৃঢ়তার কথা উল্লেখ করে নেতানিয়াহু বলেন, দুই দেশের নেতৃত্বের মধ্যে একটি ‘গ্রানাইটের দেয়ালের’ মতো দৃঢ় সম্পর্ক গড়ে উঠেছে। তার ভাষায়, প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান অত্যন্ত স্পষ্ট এবং উভয় পক্ষের একটি অভিন্ন প্রতিশ্রুতি রয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা চাই না তেহরানের এই উগ্রপন্থি শাসকগোষ্ঠীর হাতে পারমাণবিক অস্ত্র থাকুক, যা প্রতিটি আমেরিকানকে হুমকি দেবে, বিশ্বের শান্তিকে বিঘ্নিত করবে এবং ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি সৃষ্টি করবে।’
হোয়াইট হাউসে অনুষ্ঠিত বৈঠকের মূল বিষয় তুলে ধরে নেতানিয়াহু বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকানোই উভয় দেশের অভিন্ন লক্ষ্য। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য এক এবং এটি অর্জিত হবেই—তা কূটনৈতিক পন্থাতেই হোক কিংবা অন্য কোনো উপায়ে। তবে আমরা উভয়েই এই লক্ষ্য বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ।’
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দীর্ঘদিন ধরেই ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। পশ্চিমা দেশগুলোর অভিযোগ, তেহরান বেসামরিক কর্মসূচির আড়ালে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের চেষ্টা করছে। যদিও ইরান বরাবরই এ অভিযোগ অস্বীকার করে দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।
তথ্যসূত্র: টাইমস অব ইসরায়েল