
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল আগ্রাসন ঠেকাতে প্রায় ৭০ লাখ মানুষ প্রস্তুত রয়েছে বলে দাবি করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
চলমান উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার (২ এপ্রিল) দেওয়া এক বার্তায় তিনি জানান, অল্প সময়ের মধ্যেই দেশজুড়ে বড় ধরনের জাতীয় প্রচারণায় বিপুলসংখ্যক মানুষ অস্ত্র তুলে নেওয়ার প্রস্তুতি ঘোষণা করেছে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, ‘এক সপ্তাহেরও কম সময়ে সারা দেশে শক্তিশালী এক জাতীয় উদ্যোগের মাধ্যমে প্রায় ৭০ লাখ মানুষ সামনে এসেছে, যারা দেশের প্রতিরক্ষায় লড়াই করতে প্রস্তুত।’ তার এই বক্তব্য ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং তা নিয়ে আলোচনা চলছে।
তবে এই বিপুল সংখ্যার উৎস সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। বিশ্লেষকেরা বলছেন, সরকারি প্রচারণা ও আহ্বানের ফলেই এমন দাবি সামনে আসতে পারে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এবং বিভিন্ন বার্তা প্রচারণায় সাধারণ মানুষকে স্বেচ্ছাসেবী হিসেবে নাম লেখানোর আহ্বান জানানো হচ্ছে।
এদিকে সরকার অবসরপ্রাপ্ত সেনাসদস্যদেরও যুদ্ধে অংশ নেওয়ার আগ্রহ জানাতে বলেছে। পাশাপাশি আধাসামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারী গ্রার্ড কর্পস (আইআরজিসি)-এর স্বেচ্ছাসেবী ইউনিট বাসিজ নতুন সদস্য গ্রহণ শুরু করেছে, যেখানে অল্প বয়সীদেরও অন্তর্ভুক্তির খবর পাওয়া যাচ্ছে।
প্রায় ৯ কোটি জনসংখ্যার দেশে এমন দাবি প্রথমবারের মতো কোনো উচ্চপর্যায়ের কর্মকর্তা প্রকাশ্যে উল্লেখ করলেন, যা চলমান যুদ্ধ পরিস্থিতিতে ইরানের অভ্যন্তরীণ প্রস্তুতি ও জনমতের একটি ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।