
বিদেশে অবস্থানরত নাগরিকদের উদ্দেশে কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির বিচার বিভাগ জানিয়েছে, কেউ যদি যুক্তরাষ্ট্র বা ইসরাইলের সঙ্গে সহযোগিতা করে, তবে তাকে দোষী সাব্যস্ত করা হতে পারে এবং তার সম্পদ বাজেয়াপ্ত করা হবে।
রোববার (৮ মার্চ) এক বিবৃতিতে এ ঘোষণা দেয় ইরানের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়। এতে বিশেষ করে বিদেশে ভ্রমণ বা বসবাসরত ইরানি নাগরিকদের উদ্দেশে নতুন নির্দেশনার কথা তুলে ধরা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, গত বছরের অক্টোবরে প্রণীত একটি আইনের আওতায় এ ব্যবস্থা কার্যকর হবে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির তথ্য অনুযায়ী, ওই আইনে উল্লেখ আছে—ইসরাইল, যুক্তরাষ্ট্র কিংবা অন্য কোনো শত্রু রাষ্ট্র বা গোষ্ঠীকে যেকোনো ধরনের সহায়তা দিলে ইসলামী দণ্ডবিধির আওতায় অভিযুক্ত ব্যক্তির সব সম্পত্তি বাজেয়াপ্তসহ অন্যান্য আইনি শাস্তি দেওয়া যেতে পারে।
আইনটিতে আরও বলা হয়েছে, জায়নিস্ট শাসন বা যুক্তরাষ্ট্র সরকারসহ অন্য কোনো শত্রু সরকার, গোষ্ঠী বা তাদের সঙ্গে সংশ্লিষ্ট কোনো পক্ষের হয়ে দেশের নিরাপত্তার বিরুদ্ধে সরাসরি কোনো পদক্ষেপ নেওয়া হলে ২০১৩ সালের ২১ এপ্রিল অনুমোদিত ইসলামি দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা অনুযায়ী সম্পদ বাজেয়াপ্ত এবং অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা কার্যকর হতে পারে।
সূত্র: TRT World