
চাঁদ দেখা না যাওয়ায় একদিন পিছিয়ে গেল ঈদুল ফিতরের তারিখ, আর সে অনুযায়ী সৌদি আরব আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে, ২০২৬ সালে দেশটিতে ঈদের প্রথম দিন পালিত হবে শুক্রবার, ২০ মার্চ।
বুধবার ১৮ মার্চ শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি বলে নিশ্চিত করেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গালফ নিউজের খবরে বলা হয়েছে, সন্ধ্যায় বৈঠকে বসে সৌদি আরবের চাঁদ দেখা কমিটি বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য যাচাই করে এবং শেষ পর্যন্ত ঘোষণা দেয় যে ওই দিন চাঁদের কোনো দেখা মেলেনি। ফলে রমজান মাস পূর্ণ ৩০ দিন সম্পন্ন হবে এবং তার পরদিন উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।
এর আগে দিনভর দেশের বিভিন্ন জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণ কেন্দ্র সতর্ক করে জানিয়েছিল, প্রতিকূল আবহাওয়ার কারণে চাঁদ দেখা কঠিন হতে পারে। তুমাইর, সুদাইর ও আল-হারিক পর্যবেক্ষণ কেন্দ্র থেকে জানানো হয়, আকাশ মেঘে ঢেকে থাকায় চাঁদ দেখার সম্ভাবনা কমে গেছে। বিশেষ করে তুমাইর ও সুদাইরে ঘন মেঘের কারণে খালি চোখে চাঁদ শনাক্ত করা বেশ কঠিন হয়ে পড়েছিল। একই ধরনের পরিস্থিতি লক্ষ্য করা গেছে আল-হারিকেও। অন্যদিকে দাম্মাম পর্যবেক্ষণ কেন্দ্র, যেখান থেকে সাধারণত প্রথম চাঁদ দেখা যায়, সেখানেও মেঘলা আকাশ পর্যবেক্ষণে বাধা সৃষ্টি করেছে।
ইসলামী শরিয়াহ অনুযায়ী নতুন মাস শুরু নির্ভর করে চাঁদ দেখার ওপর, আর সেই ধর্মীয় বিধানের সঙ্গেই এই সিদ্ধান্ত সামঞ্জস্যপূর্ণ।
এদিকে, মাসের শুরুতেই সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় ঈদের ছুটির সময়সূচি ঘোষণা করেছিল। জানানো হয়, বেসরকারি ও অলাভজনক খাতের কর্মীদের জন্য ছুটি শুরু হবে বুধবার ১৮ মার্চ সন্ধ্যা থেকে এবং তা চার দিন পর্যন্ত কার্যকর থাকবে, যা সৌদি শ্রম আইনের আলোকে নির্ধারণ করা হয়েছে।
মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আল রুজাইকি জানান, আগাম এই ঘোষণা দেয়ার উদ্দেশ্য ছিল কর্মী ও প্রতিষ্ঠানগুলোকে ছুটির সময়সূচি সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়া, যাতে জরুরি সেবা খাত সচল রেখে অন্যান্য ক্ষেত্রে কর্মীদের ঈদের ছুটি নিশ্চিত করা যায়।