
রাজধানীর উত্তরায় এক গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে মোটরসাইকেলে এসে দুই হেলমেটধারী দুই রাউন্ড গুলি করে পালিয়ে গেছে। ঘটনাটি মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে উত্তরা ৭ নম্বর সেক্টরের ২১ নম্বর সড়কের ২ নম্বর বাড়িতে ঘটে।
চারতলা ভবনটি মালিক আবুল কাশেম। তিনি পেশায় গার্মেন্টস ব্যবসায়ী। এ কে এস বি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, হেলমেট পরিহিত দুই ব্যক্তি একটি মোটরসাইকেলে এসে বাড়িটি রেকি করে। তারপর বাড়ির সামনের রাস্তায় লোকজনের যাতায়াত দেখে চলে যায়। পরে লোকজন কমলে তারা ফের এসে গুলি করে পাশের গলি দিয়ে পালিয়ে যায়।
ওই ব্যবসায়ীর বেয়াই পরিচয় দিয়ে এক ব্যক্তি বলেন, ‘মোটরসাইকেলে দুই ব্যক্তি এসে দুটি গুলি করে পালিয়ে যায়। বাড়ির সামনে থেকে আরো দুটি তাঁজা গুলি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।
বাড়িটির সিকিউরিটি গার্ড রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘গুলির ঘটনার সময় আমি ওই জায়গায় (পার্কিং) ছিলাম। সিকিউরিটি গার্ড মনির গার্ড রুমে খাচ্ছিলেন। তখন আমি ইফতার রেডি করছিলাম। ওই সময় হটাৎ করে অজ্ঞাত ব্যক্তিরা গুলি করে পালিয়ে যায়।’
তবে ঘটনার বিষয়ে বাড়ির মালিক আবুল কাশেম ও তার পরিবার মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
এ বিষয়ে ডিএমপির উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মো. মুনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।’