
ভারতের দিল্লিতে বিক্ষোভ ও রাজনৈতিক উত্তেজনা চলার মধ্যেই তামিলনাড়ুর রাজধানী চেন্নাই সফর করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার (১১ অক্টোবর) সেখানে পৌঁছে ১৩ হাজার কোটি রুপিরও বেশি ব্যয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও একাধিক প্রকল্পের উদ্বোধন করেন তিনি। সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল চেন্নাই মেট্রোর দ্বিতীয় পর্যায়ের একটি অংশের উদ্বোধন।
রোববার সকাল ১১টার মধ্যে চেন্নাই বিমানবন্দরে পৌঁছান মোদি। সেখানে তাঁকে স্বাগত জানান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়।
বিমানবন্দর থেকে বেরিয়ে সংক্ষিপ্ত রোড শোতে অংশ নেন প্রধানমন্ত্রী। এ সময় সড়কের পাশে ব্যারিকেডের পেছনে অপেক্ষমাণ বিজেপির নেতা-কর্মী ও সমর্থকদের দিকে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি।
মোদির গাড়িবহর বিমানবন্দর ছাড়ার সময় রাস্তার দুই পাশে জড়ো হওয়া সমর্থকেরা স্লোগান দিয়ে তাঁকে স্বাগত জানান। তাঁদের কণ্ঠে শোনা যায়, ‘ভারত মাতা কি জয়’ স্লোগান। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে বিমানবন্দরসংলগ্ন এলাকায় ঐতিহ্যবাহী নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে তামিলনাড়ু বিজেপি।
চেন্নাই মেট্রোর দ্বিতীয় পর্যায়ের নতুন অংশ চালু
বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী সরাসরি চেন্নাই মেট্রোর উদ্বোধনী অনুষ্ঠানের উদ্দেশে রওনা হন। সেখানে তিনি মেট্রোর দ্বিতীয় পর্যায়ের চতুর্থ করিডরের পুনামাল্লি-ভাদাপালানি অংশের উদ্বোধন করেন।
পরে মোদি ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় যৌথভাবে নতুন এই মেট্রো পরিষেবার সূচনা করেন। উদ্বোধনের পর তাঁরা একই ট্রেনে ভ্রমণও করেন।
প্রায় ১৫ কিলোমিটার পথে ১১টি উড়াল স্টেশন
চালু হওয়া নতুন মেট্রোপথটির দৈর্ঘ্য প্রায় ১৫ কিলোমিটার। এ অংশে যাত্রীদের ব্যবহারের জন্য রয়েছে মোট ১১টি উড়াল মেট্রো স্টেশন।
নতুন এই অংশ চালুর মধ্য দিয়ে চেন্নাইয়ের গণপরিবহনব্যবস্থায় মেট্রো পরিষেবার পরিধি আরও বাড়ল। প্রধানমন্ত্রীর সফরে ১৩ হাজার কোটি রুপিরও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনের কর্মসূচিও রয়েছে।