
চেলসি দীর্ঘদিনের ব্যর্থতা কাটিয়ে এফএ কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে। সেমিফাইনালে তারা লিডস ইউনাইটেড-কে ১-০ গোলে হারিয়েছে।
ম্যাচের একমাত্র গোলটি করেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ২৩তম মিনিটে পেদ্রো নেতোর বাড়ানো ক্রস থেকে হেডে বল জালে জড়ান তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তার মৌসুমের ১৩তম গোল।
সাম্প্রতিক সময়ে চেলসির পারফরম্যান্স ছিল খুবই হতাশাজনক। প্রিমিয়ার লিগে টানা পাঁচ ম্যাচে গোল করতে না পারা এবং শেষ আট ম্যাচের সাতটিতে হার—সব মিলিয়ে চাপে ছিল দলটি। এর মধ্যেই কোচ লিয়াম রোজেনিয়রকে বরখাস্ত করে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয় ক্যালাম ম্যাকফারলেনকে। তার অধীনেই দলটি জয়ে ফিরেছে।
ম্যাচে শুরুতে লিডস কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেনি। অন্যদিকে চেলসি সুযোগ পেয়েও ব্যবধান বাড়াতে ব্যর্থ হয়। গোলরক্ষক রবার্ট সানচেজ গুরুত্বপূর্ণ কিছু সেভ করে দলকে এগিয়ে রাখেন।
শেষ পর্যন্ত এক গোলের লিড ধরে রেখে জয় নিশ্চিত করে চেলসি। এই জয়ে তারা ফাইনালে উঠেছে, যেখানে তাদের প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি।