
তৃণমূল পর্যায় থেকে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের বিশেষ কর্মসূচি ‘উদ্যোগ’-এর আওতায় মানিকগঞ্জ জেলার উদ্যোক্তা বাছাই কার্যক্রম শুরু হচ্ছে।
আগামী ৮ থেকে ১০ নভেম্বর পর্যন্ত রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে তিন দিনব্যাপী এ বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে। এতে মানিকগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার আবেদনকারী তরুণ উদ্যোক্তাদের সাক্ষাৎকার ও মূল্যায়নের মাধ্যমে অর্থায়নের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে।
বাংলাদেশ ব্যাংক বাস্তবায়িত ‘উদ্যোগ’ (Upazila-Driven Youth Opportunity for Growth) কর্মসূচির মাধ্যমে উপজেলাভিত্তিক সম্ভাবনাময় উদ্যোক্তা খুঁজে বের করা, তাঁদের ব্যবসায়িক উদ্যোগ মূল্যায়ন এবং অর্থায়নের ব্যবস্থা করা হচ্ছে।
বাছাই কার্যক্রমে তরুণ উদ্যোক্তাদের ব্যবসায়িক পরিকল্পনা ও সম্ভাবনা মূল্যায়নের পাশাপাশি তাঁদের দিকনির্দেশনা দেবেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী, উদ্যোক্তা ও করপোরেট ব্যক্তিত্বরা।
মূল্যায়ন কার্যক্রমে অংশ নেবেন এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, মোহাম্মদী গ্রুপের চেয়ারম্যান রুবানা হক, ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন রহমান, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসের এজাজ বিজয়, অন্যরকম গ্রুপের প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান সোহাগ এবং পাঠাও লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ।
বাংলাদেশ ব্যাংক জানায়, কর্মসূচির প্রথম পর্যায়ে আটটি জেলায় উদ্যোক্তা অনুসন্ধান ও বাছাই কার্যক্রম শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় মানিকগঞ্জের উদ্যোক্তাদের চূড়ান্ত বাছাই করা হচ্ছে।
এদিকে, প্রথম পর্যায়ের আট জেলার বাইরে দেশের বাকি ৫৬ জেলায়ও উদ্যোক্তা অনুসন্ধান ও আবেদন গ্রহণ কার্যক্রম চলছে। গত ১ নভেম্বর শুরু হওয়া এ কার্যক্রম চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।
বাংলাদেশ ব্যাংকের আশা, তৃণমূল পর্যায়ের সম্ভাবনাময় উদ্যোক্তাদের নীতিগত সহায়তা ও বিশেষ অর্থায়নের আওতায় আনার মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি সঞ্চার করা সম্ভব হবে।
সূত্র: বাংলাদেশ ব্যাংক