
২০২৭ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় স্কুল ও মাদ্রাসা শিক্ষাধারার অভিন্ন বিষয়গুলোতে একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে দাখিল পরীক্ষার সংশ্লিষ্ট বিষয়গুলোর কোড এসএসসি পরীক্ষার বিষয় কোডের সঙ্গে সামঞ্জস্য করে নতুন করে নির্ধারণ ও পুনর্বিন্যাস করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।
সোমবার (৩১ আগস্ট) বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর এস এম তৌহিদুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে নতুন বিষয় কোড প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুনর্নির্ধারিত বিষয় কোডগুলো নিয়মিত পরীক্ষার্থীদের জন্য ২০২৭ সালের দাখিল পরীক্ষা থেকেই কার্যকর হবে।
নতুন এই ব্যবস্থার ফলে স্কুল ও মাদ্রাসা—দুই শিক্ষাধারায় পড়ানো একই বা সমমানের বিষয়গুলোর প্রশ্নপত্র প্রণয়নে সমন্বয় করা হবে। অর্থাৎ অভিন্ন বিষয়গুলোর পরীক্ষায় এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য একই প্রশ্নপত্র তৈরির ব্যবস্থা করা হবে। তবে মাদ্রাসা শিক্ষাধারার স্বতন্ত্র বিষয়গুলো এর আওতায় থাকবে না।
মাদ্রাসা শিক্ষা বোর্ড জানিয়েছে, দুই শিক্ষাধারার অভিন্ন বিষয়গুলোর প্রশ্নপত্র প্রণয়ন ও মূল্যায়নে সমন্বয় আনতেই বিষয় কোডগুলো পুনর্বিন্যাস করা হয়েছে। এর ফলে প্রশ্নপত্র তৈরি, উত্তরপত্র মূল্যায়ন, ফলাফল প্রস্তুত এবং পরীক্ষার অন্যান্য প্রশাসনিক কার্যক্রমে আরও সমন্বিত কাঠামো তৈরি হবে।
নতুন নির্দেশনা অনুযায়ী, ২০২৭ সালের দাখিল পরীক্ষায় অংশ নেওয়া নিয়মিত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ও ফরম পূরণ থেকে শুরু করে পরীক্ষার্থীর তথ্য সংরক্ষণ ও প্রেরণ, প্রবেশপত্র তৈরি, প্রশ্নপত্র বিতরণ, উত্তরপত্র মূল্যায়ন, ফলাফল প্রস্তুত, নম্বরপত্র ও সনদপত্র প্রদান—পরীক্ষাসংশ্লিষ্ট সব কার্যক্রমেই নতুন বিষয় কোড ব্যবহার করতে হবে।
তবে নতুন কোড শুধু নিয়মিত পরীক্ষার্থীদের জন্য প্রযোজ্য হবে। বর্তমান ও সাবেক অনিয়মিত পরীক্ষার্থীদের বিষয় কোডে কোনো পরিবর্তন করা হয়নি। তাদের ক্ষেত্রে আগের নির্ধারিত বিষয় কোডই বহাল থাকবে।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রকাশিত তালিকায় দাখিল স্তরের বিভিন্ন বিষয়ের পুরোনো ও নতুন নির্ধারিত বিষয় কোড উল্লেখ করা হয়েছে। ২০২৭ সালের দাখিল পরীক্ষার সব কার্যক্রমে সংশ্লিষ্ট মাদ্রাসা, শিক্ষক ও পরীক্ষা-সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন বিষয় কোড যথাযথভাবে ব্যবহারের নির্দেশ দিয়েছে বোর্ড।