
চোটের কারণে শ্রীলঙ্কার লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার এবারের আইপিএল মৌসুম শেষ হয়ে গেছে। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তাঁর বদলি খেলোয়াড় চূড়ান্ত করা হবে। ফ্র্যাঞ্চাইজিটির পরিচালক টম মুডি ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচের সময় বিষয়টি নিশ্চিত করেন।
টম মুডি বলেন, ‘সে আমাদের সঙ্গে আর যোগ দিতে পারছে না, এই বাস্তবতা মেনে নিয়েই আমরা এগোচ্ছি। বিকল্প নিয়ে কাজ চলছে, খুব শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে।’ হাসারাঙ্গার জায়গায় দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার জর্জ লিন্ডেকে দলে নেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে একটি ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট।
গত ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান হাসারাঙ্গা। এরপর থেকেই মাঠের বাইরে ছিলেন তিনি। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের ফিটনেস পরীক্ষায় অংশ নিতে না পারায় আইপিএলে খেলার ছাড়পত্রও পাননি এই লেগ স্পিনার। সর্বশেষ নিলামে ২ কোটি রুপিতে তাঁকে দলে নিয়েছিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।
হাসারাঙ্গা এর আগে রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএলে খেলেছেন। তাঁর অনুপস্থিতিতেও লক্ষ্ণৌর স্পিন আক্রমণ এখন পর্যন্ত ভালোই করছে, যেখানে আছেন দিগভেশ রাথি, এম সিদ্ধার্থ ও শাহবাজ আহমেদ। তবে পেসার মহসিন খানের চোটও দলটির জন্য বাড়তি দুশ্চিন্তা হয়ে আছে।
সম্ভাব্য বদলি জর্জ লিন্ডে সাম্প্রতিক সময়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেললেও সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে চার ইনিংসে মাত্র ১ উইকেট নেন তিনি। তবে গত এক বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপ, এসএটুয়েন্টি, দ্য হানড্রেড, মেজর লিগ ক্রিকেট ও পিএসএলের মতো আসরে ধারাবাহিকভাবে খেলেছেন এই প্রোটিয়া অলরাউন্ডার।