
ফুটবল মাঠে তাঁর ‘অ্যাসিস্ট’ পরিচিত দৃশ্য। এবার সেই সহায়তার হাত বাড়ালেন মাঠের বাইরের মানবিক কাজেও। ক্যান্সারে আক্রান্ত শিশুদের উন্নত চিকিৎসার জন্য স্পেনের বার্সেলোনায় নির্মাণাধীন একটি বিশেষায়িত হাসপাতালে ২৬ লাখ ইউরো অনুদান দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৬ কোটি ৬৩ লাখ টাকা।
মেসির দাতব্য প্রতিষ্ঠান ‘মেসি ফাউন্ডেশন’-এর মাধ্যমে এই অর্থ দেওয়া হয়েছে। হাসপাতালটি বার্সেলোনায় নির্মাণ করা হচ্ছে—যে শহরকে নিজের দ্বিতীয় ঘর হিসেবে বিবেচনা করেন মেসি। ২০২১ সালে বার্সেলোনা ছাড়লেও শহরটির সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক ও আবেগ এখনও অটুট। শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের এই অনুদান তারই আরেকটি উদাহরণ।
ফুটবলবিষয়ক ওয়েবসাইট গোলডটকমের তথ্য অনুযায়ী, হাসপাতালটি চালু হলে প্রতিবছর প্রায় ৪০০ ক্যান্সার আক্রান্ত শিশু চিকিৎসা নিতে পারবে। একই প্রতিষ্ঠানের অধীনে শিশুদের ক্যান্সার চিকিৎসার জন্য আধুনিক চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় বিভিন্ন সুবিধা নিশ্চিত করার লক্ষ্যেই প্রকল্পটি নেওয়া হয়েছে।
শুধু ক্যান্সার চিকিৎসায় সহায়তা নয়, দীর্ঘদিন ধরেই শিশুদের স্বাস্থ্য, শিক্ষা ও মানসিক বিকাশ নিয়ে কাজ করছে মেসি ফাউন্ডেশন। বিভিন্ন মানবিক কার্যক্রমে সংগঠনটির সম্পৃক্ততা রয়েছে।
এর আগে শিশুদের লিউকেমিয়া নিয়ে গবেষণায় অর্থ সহায়তা দিয়েছে মেসি ফাউন্ডেশন। মেসির জন্মস্থান আর্জেন্টিনার রোজারিওর একটি হাসপাতালেও আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করেছে সংস্থাটি। পাশাপাশি আফ্রিকার দেশ মোজাম্বিকে শিশুদের অপুষ্টি মোকাবিলায়ও বিভিন্ন কর্মসূচিতে সহায়তা করেছে প্রতিষ্ঠানটি।
ফুটবল ক্যারিয়ারে অসংখ্যবার সতীর্থদের গোলের সুযোগ তৈরি করে দেওয়া মেসির মাঠের সেই ‘অ্যাসিস্ট’ এবার যেন পৌঁছে গেল জীবনযুদ্ধ করা শিশুদের কাছেও। তাঁর এই অনুদান ক্যান্সার আক্রান্ত শিশুদের চিকিৎসায় নতুন সুযোগ তৈরিতে ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের।