
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীর সড়কে নেমে বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (২১ সেপ্টেম্বর) বাংলামোটরে আয়োজিত সমাবেশ থেকে দলটির নেতারা সরকারের সমালোচনা করে এক দফা দাবির কথা তুলে ধরেন এবং সরকারকে ক্ষমতা ছাড়ার হুঁশিয়ারি দেন।
বাংলামোটর মোড়ে সমাবেশ শেষে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শেরাটন মোড়ের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, বিশ্ববাজারে জ্বালানি সংকট রয়েছে, তা অস্বীকার করার উপায় নেই। তবে সেই সংকট মোকাবিলায় বিএনপি সরকারের সক্ষমতা নেই বলে দাবি করেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিএনপি সরকার ইতিমধ্যে দেশের মানুষের কাছে ব্যর্থ প্রমাণিত হয়েছে। এই ব্যর্থ সরকারের সামনে একটাই পথ—এক দফা দাবি।
তিনি বলেন, ১১-দলীয় জোট কী করবে, সেটি বড় বিষয় নয়; জনগণই সরকারের বিরুদ্ধে রাস্তায় নামবে। তাঁর ভাষায়, “জনগণের পেটে আপনারা লাথি দিয়েছেন।”
এনসিপির এই কর্মসূচিতে ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকার, সদস্যসচিব এস এম শাহরিয়ার, ঢাকা জেলা উত্তরের আহ্বায়ক নাবিলা তাসনিদ, দলের যুব সংগঠন যুবশক্তির সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল এবং শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির সদস্যসচিব ঋআজ মোর্শেদসহ দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এর আগে সরকার জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর ঘোষণা দেয়। নতুন দামে ডিজেল ১১৫ থেকে বেড়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ থেকে ১৫৫ টাকা, অকটেন ১৪৫ থেকে ১৬৫ টাকা এবং পেট্রোল ১৪০ থেকে ১৬০ টাকা হয়েছে। সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি ও পরিবহন ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে এ মূল্য সমন্বয়ের কথা বলা হয়েছে।
মূল্যবৃদ্ধির পরপরই এর প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক দল কর্মসূচি পালন করছে। এরই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় এনসিপি রাজধানীতে এই বিক্ষোভ মিছিল করে।