
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত ডাবল সেঞ্চুরি করে প্রশংসায় ভাসছেন তাওহীদ হৃদয়। সতীর্থদের কাছ থেকেও পাচ্ছেন অভিনন্দন ও প্রশংসা। এবার হৃদয়ের এমন কীর্তিতে গর্ব প্রকাশ করেছেন জাতীয় দলের ব্যাটার সাইফ হাসান।
সাইফ জানিয়েছেন, অনূর্ধ্ব-১৯ দল থেকেই হৃদয়ের সঙ্গে খেলছেন তিনি। বর্তমানে জাতীয় দলেও একই ড্রেসিংরুম ভাগাভাগি করছেন দুজন। তাই হৃদয়ের এমন সাফল্যে বাড়তি ভালো লাগা কাজ করছে তাঁর।
হৃদয়ের ইনিংসের কিছু অংশ দেখার সুযোগ হয়েছে জানিয়ে সাইফ বলেন, ‘যতক্ষণই অবসর পেয়েছি, দেখার চেষ্টা করেছি। খুব ভালো লেগেছে। ওকে শুভকামনা জানিয়েছি। মন থেকেই, কারণ আমরা একসঙ্গে অনূর্ধ্ব-১৯ দলে খেলেছি। এটা আলাদা একটা ভালো লাগার বিষয়। ওর সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করতে পারছি, এটা নিয়ে আমি গর্বিত।’
বর্তমান দলের ক্রিকেটারদের মধ্যেই অনুপ্রেরণা খুঁজে পাওয়ার বিষয়টিও তুলে ধরেছেন সাইফ। তাঁর মতে, হৃদয়ের মতো ক্রিকেটারদের কাছ থেকে শেখার অনেক কিছু রয়েছে।
তিনি বলেন, ‘আগে আমাদের রোল মডেল খুঁজতে হলে দলের বাইরে তাকাতে হতো। কিন্তু এখন আমাদের নিজেদের দলেই রোল মডেল আছে। তাদের এভাবে দেখতে পারলে আসলে শেখার অনেক কিছু থাকে।’