
বাজারে কাঁচা মরিচ ও টমেটোর সরবরাহ স্বাভাবিক রাখা এবং দাম নিয়ন্ত্রণে রাখতে এসব পণ্য আমদানিতে শুল্ক-কর কমানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (১৭ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদিত হয়। রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, কাঁচা মরিচ (এইচএস কোড-০৭০৯.৬০.১৯) ও টমেটো (এইচএস কোড-০৭০২.০০.১৯) আমদানিতে নির্দিষ্ট সময়ের জন্য প্রযোজ্য শুল্ক-কর প্রত্যাহার বা কমানোর ব্যবস্থা নেওয়া হবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের ক্রয়ক্ষমতা সুরক্ষাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
সরকারের প্রস্তাবে বলা হয়েছে, কাঁচা মরিচ ও টমেটো দেশের বহুল ব্যবহৃত কৃষিপণ্যের মধ্যে অন্যতম। মৌসুমি উৎপাদন, প্রাকৃতিক দুর্যোগ, বৈরী আবহাওয়া, সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন এবং উৎপাদন কমে যাওয়ার মতো কারণে মাঝে মাঝে এসব পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এতে সাধারণ মানুষের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি হয়।
এ পরিস্থিতিতে বাজারে এসব পণ্যের সরবরাহ অব্যাহত রাখা এবং দাম সহনীয় পর্যায়ে রাখতে সীমিত সময়ের জন্য আমদানিতে শুল্ক-কর সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, বর্তমানে কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে কার্যকর মোট ৬১ শতাংশ করহার কমিয়ে প্রজ্ঞাপন জারির পর প্রথম মাসে ২০ দশমিক ৫ শতাংশ এবং দ্বিতীয় মাসে ৩১ শতাংশ নির্ধারণ করা হবে।