
খাগড়াছড়িতে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে গেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাস। শনিবার (৭ নভেম্বও ২০২৬) ভোর আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে। তবে কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
শনিবার (৭নভেম্বর) ভোর ৪টার দিকে শহরের মহাজনপাড়া এলাকায় থাকা বাসটিতে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ।
বিআরটিসির বাসটি খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে চলাচল করে। বাসের ভেতরে সহকারী ঘুমাচ্ছিলেন। তবে টের পেয়ে তিনি বেরিয়ে যেতে সক্ষম হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সংশ্লিষ্টতার আশঙ্কা প্রকাশ করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার। তিনি অভিযোগ,নৈরাজ্য ও অরাজকতা করতে এই সংগঠনগুলো এসব ঘটিয়ে থাকতে পারে।
ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ বলেন, ‘ভোর ৪টার কিছু সময় আগে বাসের পেছন দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণ আনে।
খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কায় কিসলু বলেন, রাতের আঁধারে কেউ বাসটিতে আগুন দিয়েছে বলে প্রাথমিক ধারনা করছেন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।