
গাইবান্ধা জেলা প্রশাসনের রাজস্ব শাখার অধীন বিভিন্ন শূন্য পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে পরীক্ষা স্থগিত করার এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলা রাজস্ব প্রশাসনের অফিস সহায়ক পদে ৬৪ জন এবং নিরাপত্তা প্রহরী পদে ২ জনসহ মোট ৬৬টি পদে জনবল নিয়োগের জন্য ২১ আগস্ট লিখিত পরীক্ষার দিন নির্ধারণ করা হয়েছিল। তবে অনিবার্য কারণে ওই দিনের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
স্থগিত পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময় পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্ট সবাইকে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।