
২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ নার্স রীপা ফ্রান্সিসকো গোমেজের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে রীপা গোমেজকে নিয়ে তৈরি একটি তথ্যচিত্র প্রধানমন্ত্রীর নজরে আসে। এরপর তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে রীপা গোমেজের খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন তিনি।
এর ধারাবাহিকতায় শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধিদল রাজধানীর মধ্যবাড্ডার বাজার গলিতে রীপা গোমেজের বাসায় যায়। সংগঠনটির সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
সেখানে তাঁরা রীপা গোমেজের শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাঁর প্রতি সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।
এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, ফরহাদ আলী সজীব, রুবেল আমিন এবং ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহসহ অন্যরা।
আহতদের চিকিৎসা দিতে গিয়ে গুলিবিদ্ধ হন রীপা
২০২৪ সালের ২১ জুলাই রাজধানীর রামপুরা সেতুর কাছে আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার সময় গুলিবিদ্ধ হন নার্স রীপা ফ্রান্সিসকো গোমেজ। সেদিন ৪৭টি সীসার ছররা ও দুটি রাবার বুলেটের আঘাতে গুরুতর আহত হন তিনি। তাঁর ডান চোখের কোটরে সবচেয়ে গুরুতর আঘাত লাগে। একটি বুলেট মস্তিষ্কের ১৪ সেন্টিমিটার গভীরে আটকে যায়।
গুলিবিদ্ধ হওয়ার পর থেকে দৃষ্টিশক্তির জটিলতাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন রীপা। নিয়মিত চিকিৎসার ব্যয় বহনের পাশাপাশি শারীরিক সীমাবদ্ধতার কারণে কাজের সুযোগ কমে যাওয়ায় তাঁকে আর্থিক সংকটের মুখেও পড়তে হচ্ছে।
নিজের চিকিৎসার খরচ জোগাতে অন্য রোগীদের সেবা দিয়ে জীবিকা নির্বাহের চেষ্টা করছেন এই নার্স।