
এক মাসের গুঞ্জন ও দর্শকদের নানা জল্পনার অবসান ঘটিয়ে আবারও নতুন গল্প নিয়ে ফিরছে জনপ্রিয় অ্যানিমেশন সিরিজ ‘গোপাল ভাঁড়’। নতুন পর্ব প্রচারের ঘোষণা দিয়েছে সনি ৮।
চ্যানেলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আজ শনিবার (১৫ আগস্ট) বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় ‘গোপাল ভাঁড়’-এর নতুন পর্ব প্রচার করা হবে।
২০১৫ সালে সনি ৮-এ যাত্রা শুরু করে সিরিজটি। গোপালের রসবোধ, বুদ্ধিদীপ্ত কৌশল ও নানা মজার ঘটনার মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে দর্শকদের বিনোদন দিয়ে আসছে এটি। পাশাপাশি বিভিন্ন গল্পে বুদ্ধিমত্তা, ন্যায়বোধ ও সামাজিক নানা বার্তাও তুলে ধরা হয়।
প্রতিটি পর্বেই গোপালকে দেখা যায় উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে রাজ্যের জটিল পরিস্থিতির সমাধান করতে। কখনো ক্ষমতালোভী মন্ত্রীর ষড়যন্ত্র ভেস্তে দেন, আবার কখনো রাজা কৃষ্ণচন্দ্রকে কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ দেখান। এ কারণেই ভারত ও বাংলাদেশ—দুই দেশেই সিরিজটির দীর্ঘদিনের জনপ্রিয়তা রয়েছে।
টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও ‘গোপাল ভাঁড়’-এর দর্শকসংখ্যা উল্লেখযোগ্য। কিন্তু গত জুলাইয়ে ১ হাজার ২৬৮তম পর্ব প্রচারের পর হঠাৎ নতুন পর্ব প্রকাশ বন্ধ হয়ে যায়। টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও নতুন পর্ব না আসায় দর্শকদের মধ্যে সিরিজটি শেষ হয়ে গেছে কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দেয়।
এর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি দৃশ্য সেই গুঞ্জনকে আরও উসকে দেয়। ভাইরাল হওয়া ওই দৃশ্যে মৃত্যুশয্যায় থাকা গোপালের পাশে তার স্ত্রী, নাতি-নাতনি, রাজা কৃষ্ণচন্দ্র ও রাজ্যসভার সদস্যদের কান্নারত অবস্থায় দেখা যায়। পরে অবশ্য জানা যায়, দৃশ্যটি নতুন নয়; এটি সিরিজের পুরোনো একটি পর্বের অংশ।
নতুন পর্ব প্রচার বন্ধ থাকার পাশাপাশি চ্যানেল কর্তৃপক্ষের নীরবতাও ‘গোপাল ভাঁড়’ শেষ হয়ে যাওয়ার আলোচনাকে জোরালো করেছিল। শেষ পর্যন্ত নতুন পোস্টার প্রকাশের মাধ্যমে সনি ৮ স্পষ্ট করেছে, সিরিজটি বন্ধ হয়নি। নতুন গল্প নিয়ে আবারও দর্শকদের সামনে হাজির হচ্ছে জনপ্রিয় এই অ্যানিমেশন সিরিজ।