
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ মিছিল ও সমাবেশের মধ্যে ১০ দিন আগে গোপালগঞ্জ থেকে ফেনীতে বদলি করা হয়েছিল জেলার পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহকে। এবার মাত্র ১০ দিনের ব্যবধানে তাকে ফেনী থেকে খাগড়াছড়িতে বদলি ও সংযুক্ত করেছে সরকার।
বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব তৌছিফ আহমেদের স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফেনীর পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে খাগড়াছড়ির মহালছড়িতে অবস্থিত ৬ এপিবিএনের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
এর আগে গত ১৫ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে গোপালগঞ্জ থেকে মো. হাবীবুল্লাহকে ফেনীর পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়। একই আদেশে ফেনীর তৎকালীন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছিল।
এদিকে, গত বেশ কিছুদিন ধরে গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। সেখানে থানা পুড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কয়েক দিন ধরে জেলাটিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।