
জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ বেড়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জাতীয় গ্রিডে মোট ২৬১ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ হয়েছে। এর মধ্যে দেশীয় উৎস থেকে এসেছে ১৬২ কোটি ঘনফুট এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) থেকে সরবরাহ হয়েছে ৯৯ কোটি ঘনফুট।
বিভাগের তথ্য অনুযায়ী, গত কয়েক দিনে গ্যাস সরবরাহ ধারাবাহিকভাবে বেড়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় পেট্রোবাংলার হিসাবে জাতীয় গ্রিডে মোট গ্যাস সরবরাহ ছিল ২ হাজার ৩২০ মিলিয়ন ঘনফুট। রোববার (১৩ সেপ্টেম্বর) একই সময়ে তা বেড়ে দাঁড়ায় ২ হাজার ৩৬২ মিলিয়ন ঘনফুটে।
এরপর সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় গ্যাস সরবরাহ আরও বেড়ে ২ হাজার ৩৭৫ মিলিয়ন ঘনফুটে দাঁড়ায়। এর মধ্যে দেশীয় গ্যাসের সরবরাহ ছিল ১ হাজার ৬১১ মিলিয়ন ঘনফুট এবং এলএনজি থেকে পাওয়া যায় ৭৬৪ মিলিয়ন ঘনফুট।
মঙ্গলবার দুপুর ১২টার হিসাব অনুযায়ী, জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ আরও বেড়ে ২৬১ কোটি ঘনফুটে পৌঁছেছে।